বড়পর্দার পর এবার ছোটপর্দায় আসছেন জয়া আহসান। না, তিনি কোনও ধারাবাহিকে আসছেন না। তবে? বাংলার অন্যতম জনপ্রিয় গেম শো, 'লাখ টাকার লক্ষ্মীলাভ' -এ দেখা যাবে তাঁকে। জুলাই মাসের ফিনালে পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন ঘোষণা করে জানানো হয়েছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ' -এ জুলাই মাসের ফিনালেকে আরও আকর্ষণীয়, মজাদার করে তুলতে স্পেশ্যাল গেস্ট হিসেবে আসবেন তিনি। আগামী ৩১ জুলাই সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। সান বাংলার পর্দায় আগামী শুক্রবার সন্ধ্যা ৭ টায় দেখা যাবে এই পর্বটি। 

জয়া আহসান তাঁর অভিনয়ের পাশাপাশি সাজ, স্টাইলের জন্য সমান ভাবে দর্শকদের নজর কাড়েন বারংবার। 'লাখ টাকার লক্ষ্মীলাভ' শোয়ে এসে আমি মিস ক্যালকাটা, সোহাগ চাঁদ, ইত্যাদির মতো আইকনিক, হিট গানে নাচবেন। নাচে গানে জমিয়ে তুলবেন এই বিশেষ পর্ব। 

কেবল প্রতিযোগী বা দর্শকরাই নন, সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীও সমান ভাবে মুগ্ধ জয়া আহসানের ক্যারিশমায়। তাঁদের দু'জনের আড্ডা, গল্প গোটা পর্বকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে। সুদীপ্তা চক্রবর্তীর পাশাপাশি ৪ প্রতিযোগীর সঙ্গেও গল্প জমাবেন জয়া। তাঁদের জীবন সংগ্রামের কথা শুনবেন, সাহস জোগাবেন, উদযাপন করবেন সাফল্যের। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'লাখ টাকার লক্ষ্মীলাভ' গেম শোটি বাংলার অন্যতম হিট শো। সঞ্চালনার ভূমিকায় আছেন সুদীপ্তা চক্রবর্তী। প্রসঙ্গত, মাঝে সুদীপ্তা এই শো ছেড়ে দিতে চলেছেন বলে রটে যায়। পরে জানা যায় অভিনেত্রী বিরতি চেয়ে চ্যানেলের কাছে আবেদন করেছেন, কিন্তু এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত তাঁকেই সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে।