২০১৮ সালে মুক্তি পায় 'ধড়ক'। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। ছবিটি মুক্তি পাওয়ার কিছু মাস আগেই মারা গিয়েছিলেন অভিনেত্রী মা শ্রীদেবী। ফলে সেই সময়টা বেশ কঠিন ছিল তাঁর জন্য। এর মধ্যে ধড়ক মুক্তি পাওয়ার পর কী এমন ঘটেছিল যে ডিপ্রেশনে চলে যান জাহ্নবী? 

সম্প্রতি শ্রীদেবী কন্যা জানালেন 'ধড়ক' ছবিটি মুক্তি পাওয়ার পর তিনি অবসাদে ভুগতে শুরু করেছিলেন। ভাবছিলেন তাঁকে হয়তো মানুষ ঘৃণা করবে। কিন্তু কেন? এই বিষয়ে তিনি সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে বলেন, 'তুমি জানো, যখন সবাই আমার প্রথম ছবি নিয়ে কথা বলছিল, ধড়ক, সকলে বলছিল আমি নাকি ভাল কাজ করেছি, ভাল লাগছে। বা ধড়ক ছবিটি ভাল লাগছে, তুমি তো অনেক টাকা উপার্জন করলে। কিন্তু আমার জন্য ধড়কের স্মৃতি মোটেই সুখকর নয়। আমি অবসাদে ভুগছিলাম। ভাবছিলাম আমি শেষ হয়ে গেলাম। মানুষ আমায় ঘৃণা করবে।' 

তিনি এদিন আরও বলেন, 'আমি আমার জীবনের সব ভ্যালিডেশন আমার মায়ের থেকে পেতাম। আর তিনিই চলে গিয়েছিলেন। আমি তখন ঠিক করি যে বেশ, চলো এটা দর্শকদের উপর ছেড়ে দিই এবার। আমি আরও দারুণ সাড়া পাব ভেবেছিলাম। আমি সেই সময় খালি নেতিবাচক বিষয়ে নজর দিচ্ছিলাম। আমি এটা মানতেই চাইনি যে সাইয়ারার আগে পর্যন্ত নতুন জুটির অন্যতম বাণিজ্যিক ভাবে সফল ছবি ছিল। আমি এটাও বিশ্বাস করিনি যে ছবিটি হিট করেছিল। আমি শুধু জানতাম অঞ্জ খারাপ করেছি আর মানুষ আমায় ঘৃণা করবে।' 

প্রসঙ্গত 'ধড়ক' ছবিটির পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতান। করণ জোহর ছবিটির প্রযোজনা করেছিলেন। বক্স অফিসে ১১৯ কোটি ১১ লাখ টাকার মতো ব্যবসা করেছিল ছবিটি। এখানে জাহ্নবী কাপুরের বিপরীতে ঈশান খট্টর ছিলেন, তাঁরও এটি ডেবিউ ছবি ছিল। 'ধড়ক' আদতে ২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি ছবি 'স্বৈরত' -এর রিমেক। এরপর জাহ্নবী কাপুর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন, 'গুঞ্জন সাক্সেনা', 'ঘোস্ট স্টোরিজ', 'রুহি', ইত্যাদি। অভিনেত্রীকে সদ্যই 'সানি সংস্কারী কী তুলসী কুমারী' ছবিতে দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান। শশাঙ্ক খৈতান ছবিটির পরিচালনা করেছিলেন। ৮০ কোটির বাজেটে নির্মিত ছবিটি ১০০ কোটি টাকা আয় করেছিল বিশ্বজুড়ে।