বিশ্ব সঙ্গীত দিবসে দর্শক ও শ্রোতাদের জন্য একেবারে এক অপ্রত্যাশিত চমক নিয়ে হাজির হয়েছেন বলিউডের অভিনেত্রী-ডান্সার নোরা ফতেহি এবং প্রবীণ অভিনেতা রাকেশ বেদি। ওঁদের একেবারে নতুন এবং অদ্ভুত জুটির মিউজিক ভিডিও ‘ইয়া বাবা’ মুক্তি পেতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। একদিকে নোরার চেনা মারকাটারি বেলি ড্যান্স এবং অন্য দিকে রাকেশ বেদির কমিক টাইমিং ও মজাদার অভিব্যক্তি— এই দুইয়ের ককটেলে গানটি ইতিমধ্যেই ব্লকবাস্টার হওয়ার পথে। নোরা ফতেহি এবং শিল্পা রাও -এর যৌথ কণ্ঠে গাওয়া এই গানটি টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
গানটি মুক্তির আগে থেকেই রাকেশ বেদি এবং নোরার বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও সোশ্যালে দারুণ ভাইরাল হয়েছিল। শুটিং সেট থেকে রাকেশ বেদি একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করেন, যেখানে নোরাকে ভারতের অন্যতম বড় সেনসেশন ও ডান্সার হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।

পাশ থেকে নোরা এসে প্রবীণ অভিনেতাকে সম্মান জানিয়ে বলেন, “হাই স্যার, আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা দারুণ উত্তেজিত। আপনি তো পুরো কাঁপিয়ে দিয়েছেন!” এর জবাবে রাকেশ বেদি রসিকতা করে বলেন, “আমি তোমার সঙ্গে পাল্লা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি, যাতে তোমার মতো ভাল নাচতে পারি।” নোরা যখন ওঁর নাচের ভূয়সী প্রশংসা করে বলেন যে দর্শকেরা ওঁর নাচ দেখার জন্য অপেক্ষা করতে পারছে না, তখন রাকেশ বেদি হেসেই খুন হয়ে ওঁর স্বভাবসিদ্ধ মজাদার ভঙ্গিতে বলেন, “মেয়েটা কত বড় মিথ্যেবাদী দেখ!” যা শুনে নোরা হেসেই লুটিয়ে পড়েন। নোরা দাবি করেন, গানটির সুর এতটাই,জমজমাট, সব মিলিয়ে এতটাই চমৎকার যে আগামী বিয়ের মরশুমগুলোতে সব বিয়েবাড়িতে এই গানটিই বাজবে।
‘ইয়া বাবা’ গানটির সুর দিয়েছেন সঞ্জয় এবং এর লিরিক্স লিখেছেন নোরা ফতেহি, সঞ্জয় ও বায়ু । পুরো গানটিতে আরবি এবং মধ্যপ্রাচ্যের প্রভাব স্পষ্ট, যা এক চনমনে উৎসবের আমেজ তৈরি করে। তবে এই প্রজেক্টটি দর্শকের কাছে এত বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার আরেকটি বড় কারণ হল রাকেশ বেদির সাম্প্রতিক মেগা-পপুলারিটি। গত বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ধুরন্ধর’-এ ওঁর চরিত্র ‘জামিল জামালি’ রাতারাতি আইকনিক হয়ে ওঠে। ওঁর মুখের সংলাপ— “বাচ্চা হ্যায় তু মেরা” সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইয়ে দিয়েছিল।বক্স অফিসের রাজা ‘ধুরন্ধর’: প্রথম ছবিটি বিশ্বজুড়ে ১,৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর চলতি বছরের ১৯শে মার্চ মুক্তি পাওয়া সিক্যুয়েল ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে ১,৭৯০.১৭ কোটি টাকার অবিশ্বাস্য ব্যবসা করেছে। মাত্র দুটি ছবি মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই ৩,০০০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে। আর সেই ‘জামিল জামালি’-র ক্রেজকেই এবার ক্যাশ-ইন করলেন নোরা।
নোরা ফতেহির জন্যও এই সময়টা দারুণ কাটছে। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ-এর অফিশিয়াল মিউজিক প্রজেক্টের অংশ হিসেবে ওঁর নতুন ট্র্যাক ‘সির সির’ সদ্য মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, টরন্টোতে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ কাঁপিয়ে পারফর্ম করেছেন নোরা। আর সেই আন্তর্জাতিক সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার রাকেশ বেদির সঙ্গে ওঁর ‘ইয়া বাবা’ সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিল।















