কলকাতায় এলেন পরিচালক ইমতিয়াজ আলি। বর্ষামুখর দিনে ঘুরে দেখলেন শহরের আনাচকানাচে। ইমতিয়াজ গিয়েছিলেন কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়ায়। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালকের কলকাতা সফরের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছেন ইমতিয়াজ। যেন এক মনে শহরের বৃষ্টি ভেজা সোঁদা গন্ধ উপভোগ করছেন।

আসলে তাঁর পরিচালিত ছবি 'ম্যায় ওয়াপাস আউঙ্গা'র প্রচারে কলকাতায় এসেছেন ইমতিয়াজ আলি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটি। আর দর্শক মহলে বেশ প্রশংসিতও হচ্ছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না ও শর্বরী ওয়াঘ।
প্রসঙ্গত, ইমোশনাল লাভ স্টোরি আর ইমতিয়াজ আলি যেন সমার্থক। ইমতিয়াজ আলি নামটাই যেন এখন একটা ব্র্যান্ড হয়ে উঠেছে, তাঁর ছবি আসছে শুনলেই মুখিয়ে থাকে দর্শক। তবে সম্প্রতি 'জব উই মেট' ছবির পরিচালক জানিয়েছেন তিনি যতই লাভ স্টোরি বানানোর জন্য বিখ্যাত হন না কেন, তিনি এই ধরনের ছবিগুলোর গল্প লেখা কিন্তু নিজের ইচ্ছেয় শুরু করেননি। এমনকী 'জব উই মেট'-ও নাকি লাভ স্টোরি হিসেবে লেখেননি তিনি। আদতে তিনি রাধা, কৃষ্ণের গল্প বলতে চেয়েছিলেন।
আগামীতে কী ধরনের ছবি বানাতে চলেছেন ইমতিয়াজ আলি? এই বিষয়ে তিনি বলেন, 'ভারতের মাইথোলজিতে এমন একাধিক গল্প আছে যা আমায় বারবার অনুপ্রাণিত করেছে। আমার মনে হয় আমার সেই ক্ষমতা আছে যে সেই গল্পগুলোকে নিয়ে ছবি বানাতে পারি। আমি আগেও বলেছি, আমি রাধা কৃষ্ণকে নিয়ে ছবি বানাতে চাই।'















