শাহরুখ খান এবং মাইকেল জ্যাকসন—বিশ্ব বিনোদন জগতের দুই ধ্রুবতারা। সম্প্রতি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দুই কিংবদন্তির এক পুরনো যোগসূত্র নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কিং খান সেই মঞ্চে চুমু খাচ্ছেন যেখানে এক সময়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন,মাইকেল জ্যাকসন।

শাহরুখ খান—নামটাই এখন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা এতটাই যে অনেকে তাঁকে হলিউডের টম ক্রুজের সঙ্গে তুলনা করেন। কিন্তু এই মহাতারকাও যে কারও ‘ফ্যান’ হতে পারেন, তা ফের প্রমাণ করল ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও। মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তির পর থেকেই নেটপাড়ায় চর্চায় উঠে এসেছে শাহরুখের সেই দুর্লভ মুহূর্ত, যেখানে তিনি এমজে-র দাঁড়িয়ে থাকা মঞ্চের জায়গাটিকে সশ্রদ্ধ চিত্তে চুম্বন করছেন।

 

 

'কিং অফ পপ'-এর প্রতি শাহরুখের এই অনুরাগ কেবল মঞ্চ চুম্বনেই সীমাবদ্ধ নয়। ২০০৯ সালে যখন মাইকেল জ্যাকসন মারা যান, তখন তাঁর স্মৃতিতে বলিউডকে একজোট করেছিলেন শাহরুখ। তাঁর প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে তৈরি হয়েছিল একটি বিশেষ ট্রিবিউট ভিডিও ‘মেক ইট লার্জ — আ ট্রিবিউট টু মাইকেল জ্যাকসন’। প্রখ্যাত সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি জানিয়েছিলেন, এই ভিডিওটি তৈরি করার পুরো পরিকল্পনাটিই ছিল স্বয়ং শাহরুখের।


মাইকেল জ্যাকসনের ৫১তম জন্মবার্ষিকী উদযাপন করতে এই ভিডিওতে দেখা গিয়েছিল বলিউডের প্রথম সারির তারকাদের। হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কইফ, অনুষ্কা শর্মা এবং শাহিদ কাপুরের মতো অভিনেতারা ছাড়াও ছিলেন ক্রিকেটার যুবরাজ সিং। প্রত্যেকেই তাঁদের আইডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, “আমরা আমাদের ইতিহাসের একটা অংশ হারিয়েছি। আমাদের বড় হওয়ার একটা অংশ হারিয়ে গেছে। কিছু মানুষ কথার মাধ্যমে শেখান, আর কেউ শেখান নিজের জীবনের মাধ্যমে। আমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য ধন্যবাদ।”


বিশাল দাদলানির কথা ও সুরে সাজানো এই ভিডিওর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শঙ্কর মহাদেবন, কেকে, শ্রেয়া ঘোষাল এবং শানের মতো বলিউডের দিকপাল গায়করা। আজও ইউটিউবে এই ভিডিওটি বর্তমান, যা আমাদের মনে করিয়ে দেয় যে দুই ‘কিং’-এর মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকলেও শিল্পের প্রতি ভালবাসা ছিল একই সুতোয় গাঁথা।