শুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু রাহুলের! এই ঘটনার কথা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল 'ভোলেবাবা পার কারেগা'র প্রযোজক, লেখিকা লীনা গাঙ্গুলির সঙ্গে। কিন্তু ফোনে তিনি অধরা। স্টার জলসার 'ভোলেবাবা পার কারেগা' ধারাবাহিকের শুটিং করছিলেন তালসারিতে। সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। কিন্তু হঠাৎই সেই সময়ই জল তলিয়ে যান রাহুল। পরবর্তীতে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। 

 

চোখের সামনেই পুরো ঘটনাটা ঘটে রাহুলের ড্রাইভার বাবলুর। রাত পোহালেও মেনে নিতে পারছেন না তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে রাহুলের সারথী তিনি। আজকাল ডট ইন-কে বললেন, "শুটিংয়ের সময় নায়িকার হাত ধরে জলের দিকে এগিয়ে যাওয়ার সিন ছিল। দাদা তাই-ই করছিলেন। হঠাৎই জলের তোড়ে তলিয়ে যেতে থাকেন। টেকনিশিয়ানরা সবাই ছুটে যায় উদ্ধার করার জন্য। নায়িকাও পড়ে যান। দু'জনকেই উদ্ধার করা হয়। তখনও শরীরে প্রাণ ছিল। কিন্তু ততক্ষণে অনেকটা জল খেয়ে ফেলেছিলেন দাদা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তার বলেন রাস্তাতেই নাকি সব শেষ হয়ে গিয়েছে।"

 

বাবলুর কথায়, "চোখের সামনেই ঘটে গেল সবটা, কিচ্ছু করতে পারলাম না। দাদা তো সাঁতার জানত, কীভাবে এটা হল একদম বুঝতে পারছি না। এতগুলো বছর মানুষটার ছায়াসঙ্গী হয়ে থেকেছি, আজ যে উনি নেই আমি ভাবতে পারছি না। সারারাত দু'চোখের পাতা এক করতে পারিনি, কী হয়ে গেল এটা?"

প্রসঙ্গত, সোমবার ময়না তদন্ত হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তমলুক জেলা হাসপাতালে রয়েছে রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃতদেহ।