প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত দীর্ঘদিনের সহ অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ আজকাল ডট ইন-কে অভিনেত্রী সন্দীপ্তা জানান,
"বিষয়টা নিয়ে প্রচণ্ড শকের মধ্যে আছি৷ ভীষণ ডিস্টার্বড৷ কী বলব বুঝতে পারছি না। শুটিং করতে করতে একজন জলজ্যান্ত মানুষ এভাবে চলে গেল!"
সন্দীপ্তা আরও বলেন, "এত ভাল একজন অভিনেতা, এত ভাল একজন লেখক, এত ভাল শিক্ষিত একজন মানুষ ইন্ড্রাস্ট্রির বিশাল ক্ষতি হয়ে গেল।"
"অনেক কিছু দেওয়ার ছিল ওঁর, জানালেন শোকাহত সন্দীপ্তা৷ শট দিতে দিতে এভাবে কী হয়ে গেল! সন্দীপ্তা শুনেছেন, শট দেওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে৷ যদিও কারও কারও দাবি শট দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে রাহুল সমুদ্রে নামেন৷ তাঁকে নামতে বারণ করা হলেও তিনি নেমেছিলেন৷
সন্দীপ্তা যদিও জানান, ঘটনাস্থলে তো তিনি ছিলেন না তাই এসব নিয়ে কথা বলতে আগ্রহী নন৷ কারণ যে মানুষটি চলে গিয়েছেন তিনি তো আর ফিরবেন না৷
রাহুলের মৃত্যুতে অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। সুরক্ষার বিষয় আজকাল ডট ইন প্রশ্ন করেছিল সন্দীপ্তাকে৷ সন্দীপ্তা জানান, একটা দুর্ঘটনা ঘটলে অনেকেই অনেক কিছু বলতে শুরু করেন। কিন্তু তিনি এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই৷
প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। জানা গিয়েছে, ২৯ মার্চ রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর! দুর্ঘটনার শিকার হন। এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে। ওড়িশার তালসারি সংলগ্ন অঞ্চলের সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকের দল। এইমুহূর্তে অভিনেতার দেহ দীঘা স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলাকালীন কোনওভাবে সমুদ্রে নেমেছিলেন রাহুল। এবং তলিয়ে যান! তারপর দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ না পাওয়া যাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর তাঁর দেহ পাওয়া গেলে ৬টা ২০নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে এবং অভিনেতার দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
















