টলিপাড়ার ফের অগ্নিকাণ্ড! সোমবার রুবি সংলগ্ন বহুতল 'আরবানা'য় আগুন লেগে যায়। খবর, এই বহুতলের চতুর্থ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে। আরবানায় থাকেন টলিউডের বহু পরিচিত ব্যক্তিত্ব। অরিন্দম শীল, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি, পায়েল সরকার, লহমা ভট্টাচার্য সহ একাধিক তারকা থাকেন এখানে। জানা যাচ্ছে, চতুর্থ টাওয়ারের একটা ঘরে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট হয়েছিল। আর তার ফলেই আগুন লাগে। হাওয়ার সঙ্গে ছড়িয়ে পড়ে সেই আগুন।‌ নিমেষে চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। 

ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল পরিচালক অরিন্দম শীলের সঙ্গে। তাঁর কথায়, "আসলে এসি থেকেই শর্ট সার্কিট হয়েছিল বলে অনুমান করছি। হঠাৎ টাওয়ার থেকে আগুন বেরতে দেখে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসার আগেই আমাদের আবাসনের ছেলেরা তা নিভিয়ে ফেলে। খুব সাংঘাতিক কিছু নয়, তবে হুট করে হওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল।"

প্রসঙ্গত, কিছুদিন আগেই একই ঘটনা ঘটেছিল টালিগঞ্জ এলাকায়। শিবরাত্রির দিনেই একটুর জন্য বিরাট বিপদ থেকে বাঁচলেন টলিপাড়ার একাধিক হেভিওয়েট তারকা। সেই তালিকায় ছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র, অভিনেতা যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আসলে, টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি বহুতল আবাসনের পাঁচ তলায় সেদিন সকালে আগুন লেগে গিয়েছিল। আর ওই আবাসনেই থাকেন টলিপাড়ার এই ব্যক্তিত্বরা। 

জানা গিয়েছিল, হাওয়া চলার কারণে আগুন লাগতেই তা দ্রুত ছড়াতে শুরু করে এবং ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। নিমেষে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। আর ঠিক ছ’তলার ফ্ল্যাটেই যশ-নুসরতের পরিবার। প্রাণ বাঁচাতে বাকি আবাসিকদের মতো তাঁরাও নিচে নেমে আসেন। আবাসনের ১৮ তলায় থাকেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ও তাঁর মা। আগুন আতঙ্কে লিফট বন্ধ হয়ে যাওয়াতে বৃদ্ধা মা’কে নিয়ে আপৎকালীন সিঁড়ি দিয়ে কোনওরকমে পথে নেমে এসেছিলেন পরিচালক। পরে আজকাল ডট ইন-কে তাঁরা জানিয়েছিলেন মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়লেও সবাই নিরাপদেই আছেন।