সংবাদসংস্থা মুম্বই: প্রথমে সেলফির আবদার। পরে কারও বারণ না শুনে টুক করে গালে উষ্ণ চুম্বন! এদিকে লজ্জায় রাঙা, পর্দার "আবরার" ববি দেওল। নেটপাড়ায় সেই ভিডিও ভাইরাল।
সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। স্বাভাবিকভাবে সকলেই উন্মুখ হয়েছিলেন তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য। একজন অনুরাগী হঠাৎ এসে তাঁকে জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, উপস্হিত সকলের বারণ না শুনে তিনি অভিনেতার গালে চুম্বন করেন। এই সব পরিস্থিতি মৃদু হাসি দিয়েই সামলেছেন ববি।
কিছুদিন আগে রণবীর কাপুরের কলকাতা সফরেও একই চিত্র ফুটে উঠেছিল। অনুরাগীদের ভালবাসার চাপে প্রায় দৌড় দিয়ে বিমানবন্দরে ঢুকতে হয়েছিল অভিনেতাকে। তবে ববি একেবারেই শান্ত ছিলেন পরিস্থিতির মধ্যে।
"অ্যানিম্যাল" ছবির পরই আবারও বলিউডের শিরোনামে "সোলজার" অভিনেতা। সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায় মাত্র ১০ মিনিটের স্ক্রিন প্রেজেন্সেই বাজিমাত করেছেন তিনি। এই ছবি রণবীরের জীবনে যেমন অন্যতম ব্লকবাস্টার হিসেবে জনপ্রিয় হয়েছে। তেমনই কেরিয়ারের মোড় ঘুরেছে ববির। ২০২৩ ছিল দেওল পরিবারের সবথেকে সুখের বছর। একদিকে "রকি অউর রানী কি প্রেম কাহানি" ছবিতে ধর্মেন্দ্রর অনবদ্য পারফরমেন্স। অন্য দিকে "গদর ২" এর সানি দেওলের সাফল্য, এবং ববির অ্যানিম্যাল"! সব মিলিয়ে খুশির হাওয়া নতুন বছরেও বহাল আছে দেওল পরিবারে।
















