'আমাদের দাদামণি' ধারাবাহিকের সময় বদলে যেতে চলেছে শীঘ্রই। 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকের কারণে টিআরপি তালিকায় ভাল ফল করলেও আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী অভিনীত ধারাবাহিকের সময়। এবার জানা গেল, সময় বদলের পাশাপাশি ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র।
'সূর্য' নামক একটি চরিত্র এন্ট্রি নিতে চলেছে 'আমাদের দাদামণি' ধারাবাহিকে। সূত্রের খবর এই চরিত্রের পরতে পরতে রয়েছে রহস্য। সূর্য চরিত্রটি ইতিবাচক বা নেতিবাচক সেটা গল্পে জরুরি নয়, জরুরি এই চরিত্র আলো আঁধারির মধ্যেই থাকে। এবার প্রশ্ন কাকে দেখা যাবে এই গুরুত্বপূর্ণ চরিত্রে? অরুণাভ দে-কে। অরুণাভ ইতিমধ্যেই 'হরগৌরি পাইস হোটেল' থেকে শুরু করে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন, এবং অল্প সময়ে নজর কেড়ে নিজের জায়গা তৈরি করেছেন ছোটপর্দা এবং দর্শকদের মনে। এবার নতুন রূপে, নতুন চরিত্র নিয়ে আসতে চলেছেন তিনি। জানা গিয়েছে, শীঘ্রই তাঁর এই চরিত্রের এন্ট্রি হবে ধারাবাহিকে। শুরু হয়ে গিয়েছে অভিনেতার শুটিং।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্যই জানানো হয় 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি আগামী ১৮ জানুয়ারি থেকে রাত ৯ টার বদলে সাড়ে আটটা থেকে দেখা যাবে। তখনই প্রশ্ন ওঠে তবে কি শেষ হচ্ছে 'আমাদের দাদামণি'? না, এই ধারাবাহিকও ফুরাচ্ছে না। বরং বদলে যাচ্ছে সময়। এটি দেখা যাবে রাত ১০.১৫ থেকে। সফরে ইতি টানতে চলেছে 'আনন্দী'। কেন এই বদল? আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 'সাত পাকে বাঁধা'। দেখা যাবে রাত ৯ টার স্লটে। আর 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি আগামী বুধবার থেকে রাত ৯ টার বদলে সাড়ে আটটা থেকে দেখা যাবে। সেই কারণেই বদলাল 'আমাদের দাদামণি'র সময়।
যদিও টিআরপিতে 'আমাদের দাদামণি' ধারাবাহিকটি বেশ ভাল ফল করছিল। সেখানে এভাবে সময় বদলে দেওয়ায় চিন্তিত তার অনুরাগীরা। তাঁদের মতে, এতে টিআরপিতে প্রভাব পড়বে। দর্শকদের এই প্রতিক্রিয়া জানার পর 'আমাদের দাদামণি' ধারাবাহিকের নায়িকার সঙ্গে যোগাযোগ করা হয়। অনুষ্কা আজকাল ডট ইনকে বলেন, "প্রতিটি ধারাবাহিকের একটা নিজস্ব দর্শক থাকে। তাঁরা তো চাইবেন যে সময় যাতে না বদলায়। টিআরপি, স্লট টাইম, এগুলোর সঙ্গে একটা বড় ব্যবসা জড়িত থাকে। তবে আমায় ব্যক্তিগত ভাবে এগুলো বিশেষ ভাবায় না। আশা করছি, আমাদের যাঁরা একনিষ্ঠ দর্শক, তাঁরা সময় বদলালেও আমাদের সঙ্গেই থাকবেন।"
















