বিগত প্রায় সাড়ে তিন বছর ধরে তাঁকে দর্শক চিনে এসেছে 'অনুরাগের ছোঁয়া'র 'দীপা' হিসেবে। প্রথম ধারাবাহিকে নজর কেড়েছিলেন সকলের। মাত্র কয়েক মাস আগেই সেই ধারাবাহিকের পথ চলা শেষ হয়েছে। এবার 'দীপা'র খোলস ছেড়ে নতুন রূপে, নতুন চরিত্র নিয়ে ফিরতে চলেছেন স্বস্তিকা ঘোষ। 
আগেই জানা গিয়েছিল এবার তিনি স্টার জলসার বদলে আসছেন জি বাংলায়। 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে তাঁকে দেখা যাওয়ার কথা রটে। তিনি কি সেই প্রজেক্টের কাজ শুরু করলেন, নাকি অন্য কোনও প্রজেক্ট, খোঁজ নিল আজকাল ডট ইন।

এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন স্বস্তিকা। সেখানেই সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে পায়ের উপর হাত রেখে তিনি বসে, হাতে কালো ব্যান্ডের ঘড়ি। পরনে কুর্তি। যদিও তাঁর মুখ দেখা যাচ্ছে না। আর সঙ্গে একটি বাড়ির সামনে গাড়ি দাঁড়ানো, শুটিংয়ের সরঞ্জাম রাখা ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'নতুন সফর শুরু।' 

স্বস্তিকাকে এদিন ফোন করতেই তিনি জানালেন, 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের কাজ শুরু হল। এই বিষয়ে অভিনেত্রী বলেন, "প্রোমো শুটিং শুরু হল। কিছু দিনের মধ্যে প্রোমো লঞ্চ করবে।"

ধারাবাহিকের নাম পূর্ব ঘোষণা মতো এক থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এখনও পর্যন্ত যতদূর জানি 'অন্নপূর্ণা লক্ষ্মীরা', পরে জানি না বদল হবে কিনা। কিন্তু, আমার মনে হয় আর বদলাবে না। কারণ জি যখন ঘোষণা করে তখনও এই নামেই ছিল। এটাই থাকবে আশা করি।" 

এতদিন তিনি একটা চরিত্রকে লালন করে ফুটিয়ে তুলেছেন পর্দায়। সেই নাম, রূপেই পরিচিত হয়েছেন। এবার পালা নতুনের। সবটা মিলিয়ে অভিজ্ঞতা কেমন জানতে চাইলে স্বস্তিকা বলেন, "নতুন সফর, নতুন চরিত্র, নতুন নাম, নতুন সহ-শিল্পীরা, সব কিছুই যেহেতু নতুন সেট আপ তাই নার্ভাস আছি। কিন্তু ভাল লাগছে। খুবই ভাল লাগছে। আবার যে এত তাড়াতাড়ি কাজে ফিরতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। দেখা যাক। আমি আমার ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করব। দর্শকদের মন জয় করার চেষ্টা করব, যেহেতু এত ভাল একটা চরিত্র নিয়ে আসছি।" 

'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকটি এক লড়াকু মায়ের গল্প বলবে। অন্নপূর্ণার তিন মেয়ে। সে পূত্র সন্তানের জন্ম দিতে পারেনি বলে তার স্বামী তাকে ও তিন মেয়েকে ছেড়ে চলে যায়। একাই ভাতের হোটেল চালিয়ে মেয়েদের বড় করে তোলে অন্নপূর্ণা। সমাজের এত বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী সে। গল্পে 'অন্নপূর্ণা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এক মেয়ের চরিত্রে থাকবেন স্বস্তিকা ঘোষ। অন্য এক মেয়ের চরিত্রে দেখা যেতে পারে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। গল্পে স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। সৌম্যদীপ জি বাংলার 'জগদ্ধাত্রী'তে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে।