প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে বোটিংয়ে যান। সেই সময়ই পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সম্প্রতি অভিনেতা 'ঠাকুমার ঝুলি' সিরিজে কাজ করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে কী বললেন অভিনেত্রী? 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এদিন আজকাল ডট ইনকে বলেন, ''ভাল লাগছে না। আমি চাই এই খবরটা মিথ্যে হোক। সম্প্রতি কাজ করলাম। এত কথা হল। কত প্ল্যান করছিলাম। আমার ভাল লাগছে না। আমি বিশ্বাস করতে পারছি না। যে আমায় খবর দিয়েছে তাকে আমি যা তা বলে দিয়েছি। ইয়ার্কি মারবে না বললাম।''

স্মৃতি হাতড়ে অভিনেত্রী বলেন, "আগের দিন আমায় মেসেজ করেছে, ভেবেছিলাম আমার নায়িকা হবি তুই। আর ঠাকুমা হয়ে গেলি? আমি বললাম যাই হোক আমাদের দারোগা বাবু আর ঠাকুমা জুটি হিট। বললাম একদিন আমরা হিরো, হিরোইন হবো, একসঙ্গে কাজ করছি। আমার বুক ফেটে যাচ্ছে।" 

রাহুল প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, "ও ভাল একটা মানুষ ছিল। মজাদার মানুষ ছিল। কোনও ট্যান্ট্রাম নেই। আমি ওর ফ্যান। সহজের মুখ আমার চোখের সামনে ভাসছে। আমিও তো একজন মা। বুঝি। ভগবান কেন এটা করল, আমি বিশ্বাস করতে পারছি না।"

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। জানা গিয়েছে, তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ২৯ মার্চ সন্ধ্যায় তাঁর প্রয়াণের খবর আসে। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন।