অভিনেতা, সঞ্চালকের পর এবার নতুন ভূমিকায় আসছেন বিক্রম চ্যাটার্জি। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসছে থ্রিলার সিরিজ। অ্যাকশনে ভরপুর এই সিরিজের নাম 'তারকাটা'। অভিনেতা বিক্রম চ্যাটার্জির প্রযোজনা সংস্থা 'বিক্রম চ্যাটার্জি ফিল্মস'-এর ব্যানারে আসছে এই সিরিজ। এই প্রথমবার প্রযোজনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতার।
হঠাৎ কেন প্রযোজনায় আসা? কবে থেকে চলছিল প্রস্তুতি? আজকাল ডট ইন-এর প্রশ্নে বিক্রমের জবাব, "আসলে সেভাবে অনেকদিন ধরে ভেবেচিন্তে আসিনি। হুট করে একদিন মনে হল এবার নতুন কিছু করার সময় এসেছে, আর সুযোগটাও এল জি ফাইভ থেকে, তাই আর দেরি করলাম না।" পরিচালনায় আসা মানে কি এবার স্বাধীন ছন্দে কাজ করা? বিক্রমের কথায়, "তা তো বটেই। কিন্তু এতদিন আমি যেসব কাজ করেছি তা আমার কাছে খুব কাছের। মন দিয়ে কাজ করে চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই কখনও বলব না, স্বপ্নপূরণ বা পছন্দের চরিত্রের খোঁজে প্রযোজনায় আসা। প্রযোজকের ভূমিকায় আরও নতুন কিছু দর্শককে উপহার দিতে পারব, সেটাই আশায় আছি।"
প্রথম প্রযোজনায় সিরিজ, এরপর কী ধারাবাহিকেও ছাপ রাখবেন? বিক্রম বলেন, "ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছি। যে ভালবাসাটা দর্শক দিয়েছিলেন তখন, তা সারাজীবনের প্রাপ্তি। বহু বছর হয়ে গিয়েছে ধারাবাহিক থেকে দূরে। তবে প্রথম কাজ সিরিজ। এরপর বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ইচ্ছে আছে, তাই ধারাবাহিকেও হয়তো প্রযোজক হিসেবে আসব। কিন্তু এখনও এতদূর ভাবিনি। এই কাজটা শেষ হলে তারপরে আগামী কাজ নিয়ে আলোচনায় বসব।"
প্রসঙ্গত, এই সিরিজের গল্প এগোচ্ছে একজন প্রাক্তন পুলিশ অফিসারকে ঘিরে। কিছু জটিল পরিস্থিতির চাপে সে নিজের শহরে ফিরে আসে। একটা রহস্যমৃত্যুর তদন্তের দায়ভার পড়ে তার উপর। কিন্তু এই মৃত্যু কি তার অতীতের কোনও ধামাচাপা পড়ে যাওয়া ঘটনার সূত্রপাত? অ্যাকশন, রোমাঞ্চের মিশেলে তৈরি হতে চলেছে এই সিরিজটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক রায়চৌধুরী।
অভিনয়ে দেখা যাবে বিক্রম চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য ও আয়ুষ দাসকে। উল্লেখযোগ্য, গায়ক, অভিনেতা ময়াং চ্যাং এই সিরিজের হাত ধরে প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছেন।
বিক্রমের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল বড়পর্দার হাত ধরে। এরপর ছোটপর্দায় কাজ করে তিনি দর্শক মহলে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। তারপর বিভিন্ন ওয়েব সিরিজেও দেখা গিয়েছে অভিনেতাকে। এবার সিরিজের দুনিয়ায় তাঁর নতুন যাত্রা শুরু। এরপর তাঁর প্রযোজনা সংস্থা আর কী চমক নিয়ে আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।
