৯ এপ্রিল হঠাৎই নিখোঁজ হয়ে যান সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। পরিচালক উৎসব মুখোপাধ্যায় নিখোঁজ হওয়ার পরপরই এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন হয়ে পড়েন সকলে। তবে এবার জানা গেল খোঁজ মিলেছে সৃজন বিশ্বাসের। 

এদিন আজকাল ডট ইনকে সিনেমাটোগ্রাফার দেবরাজ নাইয়া জানান সৃজন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তিনি সুস্থ আছে। ভাল আছেন। 

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল থেকে সৃজন বিশ্বাসের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কী ঘটেছে তাঁর সঙ্গে, বর্তমানে কী আপডেট সবটা জানতেই আজকাল ডট ইনের তরফে সিনেমাটোগ্রাফার দেবরাজ নাইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"আমি কাজের জায়গাতেই ছিলাম। তখন দুপুরে আমার কাছে ফোন আসে। কালকের থেকে ওকে পাওয়া যাচ্ছে না।" বিস্তারিত জানিয়ে তিনি আরও বলেন, "কাল সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে সাধারণ ভাবেই বেরিয়েছিল। টাকা পয়সা খুব একটা নিয়ে বেরোয়নি।"

দেবরাজ আরও বলেন, "ওর ফোন বন্ধ, ফোনে পাওয়া যাচ্ছে না এমনটাই শোনা যাচ্ছিল। আমি কিছুক্ষণ আগে চেষ্টা করলাম ব্যস্ত বলল। তার আগে একবার ফোন রিংও হয়েছে। সঠিক কী ঘটেছে, এখনও জানি না। ওর বাড়ির লোকের সঙ্গে আমার আলাপ নেই, কথা হয়নি।" সৃজন নিখোঁজ হওয়ার পর পুলিশেও অভিযোগ জানানো হয়। 

প্রসঙ্গত, সৃজনের আগে অনীক দত্তের বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো বহুল আলোচিত ছবির অন্যতম চিত্র্যনাট্যকার-পরিচালক উৎসব মুখার্জি গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ। ব্যাঙ্কের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বাড়ি থেকে দুপুরবেলা ব্যাঙ্কের কাজে যাবার জন্য বেরিয়েছিলেন উৎসব। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আনন্দপুর থানায় 'মিসিং ডায়রি' করেছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া ব্যানার্জি।