জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ -এর সেই চেনা, স্টাইলিশ এবং খামখেয়ালি চরিত্র ‘আন্দ্রেস দে ফোনোলোসা’ ওরফে বার্লিনকে মনে আছে নিশ্চয়ই? ২০২৩ সালের ব্লকবাস্টার প্রথম সিজনের পর, ওটিটি দুনিয়া কাঁপাতে ১৫ মে নেটফ্লিক্সে নেটফ্লিক্সে মুক্তি পেল এই স্পিন-অফ সিরিজের দ্বিতীয় সিজন— ‘বার্লিন: সিজন ২’। এবারের নতুন সিজনটির পোশাকি নাম ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান আরমাইন’।
প্রথম সিজনের তুলনায় এবারের গল্প হতে চলেছে আরও বেশি অন্ধকার, রহস্যময় এবং ব্যক্তিগত স্তরের। ওটিটি-তে সিনেমাটি দেখার আগে চটপট জেনে নেওয়া যাক সিজন ২-এর গল্প, কাস্টিং এবং বড় চমকগুলো সম্পর্কে:
প্রথম সিজনের গল্প শুনে নিন এক পলকে
২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনে আমরা দেখেছিলাম প্যারিসের একটি নামী অকশন হাউস থেকে ৪৪ মিলিয়ন ইউরোর গয়না চুরির এক মাস্টারপ্ল্যান ছকেছিল বার্লিন ও তার টিম। নকল পুলিশ অপারেশন এবং গোপন টানেলের মাধ্যমে সেই চুরি সফল হলেও জট পাকায় অন্য জায়গায়। বার্লিন প্রেমে পড়ে যান ক্যামিলের— যিনি ওই অকশন হাউসের সাথে যুক্ত এক কর্তার স্ত্রী ছিলেন। পুলিশের তাড়া, চোট-আঘাত সামলে টিম গয়না নিয়ে পালাতে পারলেও শেষে ক্যামিল জেনে যান বার্লিনের আসল পরিচয় এবং তাঁর মুখোমুখি হন। সেখানেই শেষ হয়েছিল প্রথম সিজন।

সিজন ২-এর নতুন গল্প কী?
প্যারিসের পর এবার চুরির নকশা তৈরি হয়েছে স্পেনের সেভিল শহরে। এবারের মিশনটি আরও বড় এবং জটিল:
আসল চুরি বনাম বিভ্রান্তি: বার্লিনের টিম এবার বিশ্বের অন্যতম বিখ্যাত চিত্রকর্ম ‘লেডি উইথ অ্যান আরমাইন’ চুরির একটি নিখুঁত বিভ্রান্তি বা ইলিউশন তৈরি করবে।
প্রতিশোধের খেলা: তবে এবারের গল্পটি শুধুই চুরির নয়, বরং প্রতিশোধের। মালাগার এক শক্তিশালী রাজকীয় দম্পতি ব্ল্যাকমেল করতে শুরু করে বার্লিনকে। নিজের অহং আর পরিবারকে বাঁচাতে বার্লিন এবার এমন এক খেলায় নামবেন, যেখানে তাঁর ভেতরের অন্ধকার রূপটি পুরোপুরি বেরিয়ে আসবে।
কারা ফিরছেন আর নতুন মুখ কারা?
বার্লিনের আইকনিক চরিত্রে যথারীতি ফিরছেন পেদ্রো আলোনসো । তাঁর পুরোনো টিমের বিশ্বস্ত সদস্যরাও থাকছেন এই সিজনে:
মিশেল জেনার (কেলা)
ত্রিস্টান উলোয়া (দামিওন)
বেগোনিয়া ভার্গাস (ক্যামেরন)
হুলিও পেনা (রয়)
জোয়েল সানচেজ (ব্রুস)
এই সিজনে বড় সংযোজন হতে চলেছেন অভিনেত্রী ইনমা কুয়েস্তা (ক্যানডেলার চরিত্রে)। শোনা যাচ্ছে, তাঁর চরিত্রটি বার্লিনের জীবনে নতুন প্রেম এবং নতুন জটিলতা— দুই-ই নিয়ে আসবে। এছাড়া রাজকীয় দম্পতির খল চরিত্রে দেখা যাবে হোসে লুইস গার্সিয়া-পেরেজ এবং মার্তা নিয়েতো-কে।
















