জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক আদনান সামি চিরকালই ওঁর স্পষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত। চলতি বছরের শুরুর দিকে আরএসএস  প্রধান মোহন ভাগবতের সঙ্গে ওঁর একটি সাক্ষাৎ এবং সেই সংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নেটদুনিয়ায় তীব্র বিতর্ক ও ট্রোলিংয়ের সৃষ্টি হয়েছিল। এত মাস পর, অবশেষে সেই সমালোচনা ও কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন গায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, জনগণের মতামত বা ট্রোলিং দেখে তিনি নিজের ব্যক্তিগত সম্পর্ক বা সিদ্ধান্ত বদলানোর মানুষ নন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদনান সামি মোহন ভাগবতের সাথে সাক্ষাতের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেখানে তিনি আরএসএস প্রধানকে ‘অসামান্য ভদ্রলোক এবং এক পবিত্র আত্মা’ বলে অভিহিত করেন এবং জানান যে মোহন ভাগবতের সঙ্গে কথা বলে ওঁর অনেক ভুল ধারণা দূর হয়েছে। এই পোস্টের পরেই নেটিজেনদের একাংশ ওঁর ওপর ক্ষোভ উগরে দেন। এবার ‘নিউজ ১৮’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই ট্রোলারদেরই একহাত নিলেন গায়ক।


সাক্ষাৎকারে আদনান সামি ওঁর স্বাধীনচেতা মানসিকতার কথা উল্লেখ করে বলেন, “আমি একজন স্বাধীন মুক্ত মনের মানুষ। ভাল বিষয় হল, আমার ভেতরের সমস্ত ফিল্টার আমি হারিয়ে ফেলেছি। তাই আমার যা মন চায়, আমি সেটাই করি। আমি ঈশ্বর ছাড়া আর কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নই। কেউ যদি আমার সঙ্গে ভাল ব্যবহার করেন, তবে তিনিও কে বা ওঁর পরিচয় কী— তা না দেখেই আমিও ওঁর সঙ্গে ভাল ব্যবহার করব। অন্য কারও মতামতের ওপর ভিত্তি করে আমি কখনও কোনও মানুষকে বিচার করি না।”

 


অনলাইন ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে আদনান সামি আরও বলেন, বেশিরভাগ মানুষই ওঁকে না চিনে স্রেফ ওপর ওপর বিচার করে মন্তব্য করেন -“কে কী ভাবল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানুষ ভাবে তারা আমাকে চেনে, আর সেই ভাসা ভাসা এবং বেশিরভাগ ক্ষেত্রে ভুল ধারণার ওপর ভিত্তি করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। একটা মাত্র ছবি বা আমার একটা গান দেখে যদি কেউ মনে করে তারা আমার বিচার করে ফেলবে বা আমি কেমন মানুষ তা জেনে যাবে, তবে তারা আসলে রূপকথার জগতে বাস করছে।”

নেতিবাচক মানসিকতা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নিয়েছেন জানিয়ে গায়ক বলেন, তিনি মানসিকভাবে এখন অত্যন্ত স্বাধীন এবং নিজের জীবনের চারপাশে একটি লক্ষণরেখা টেনে দিয়েছেন। ওঁর কথায়— “যারা ট্রোল করে, তারা আপনার ভক্ত নয়; তারা স্রেফ সস্তা আকর্ষণের জন্য এসব করে।”

সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে আদনান সামি বর্তমানে ওঁর মিউজিক কেরিয়ারেই মন দিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ওঁর নতুন সিঙ্গল ট্র্যাক ‘লিপস্টিক’। গানটিকে একটি ‘ফিল-গুড অ্যান্থেম’ হিসেবে তৈরি করা হয়েছে, যা মানুষের আত্মবিশ্বাস, নিজস্বতা এবং নিজের আসল রূপকে ভালবাসার বার্তা দেয়। বাস্তব জীবনেও আদনান যে সেই আত্মবিশ্বাস ও নিজস্বতা বজায় রেখেই চলছেন, ওঁর এই সাম্প্রতিক মন্তব্যেই তা পরিষ্কার।