হরর সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আছে কিন্তু বলিউডে হরর ঘরানার ছবির সাফল্য সেভাবে দেখা যায়নি৷ ইমরান হাশমির মতে, ভারতে হরর সিনেমা ঠিকমতো তৈরি না হওয়ার অন্যতম বড় কারণ হল এই ঘরানায় খুব কম মানুষ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাঁর বক্তব্য, অনেক নির্মাতাই হররকে নতুনভাবে উপস্থাপন করার সাহস দেখাননি। 

অনেক সময়ই দেখা যায়, বড় পর্দায় হরর ছবি সেই সাফল্য পায় না, যা অ্যাকশন, রোম্যান্স বা কমেডি ছবি সহজেই পেয়ে যায়। ইমরানের মতে, সাফল্য না পাওয়ার কারণ বছরের পর বছর একই ধরনের গল্প, একই ভয় দেখানোর পদ্ধতি এবং চেনা ফর্মুলার মধ্যেই আটকে থেকেছে ভারতীয় হরর সিনেমা। 

হরর ঘরানার সঙ্গে ইমরানের সম্পর্ক বেশ পুরনো। Raaz সিরিজে অভিনয় করে তিনি ভয়ের সিনেমায় জনপ্রিয়তা পেয়েছিলেন। পরবর্তীতে  Dybbuk: The Curse Is Real ছবির মাধ্যমে আবারও হরর জগতে ফিরে আসেন তিনি। অভিনেতার মতে, "ভালভাবে তৈরি করা হলে হরর সিনেমা দর্শকের মনে গভীর প্রভাব ফেলতে পারে।" 

ইমরান মনে করেন, "হরর শুধু ভূত বা অতিপ্রাকৃত বিষয় দেখানোর মাধ্যম নয়, বরং এর মধ্যে গল্প বলার নতুন সুযোগ রয়েছে। ভয়, রহস্য, মানসিক চাপ এবং অজানা বিষয়কে কেন্দ্র করে অনেক ধরনের গল্প তৈরি করা সম্ভব। কিন্তু সেই জায়গাতেই অনেক নির্মাতা ঝুঁকি নিতে চান না।" 

 অভিনেতা আরও জানিয়েছিলেন, "মূলধারার অনেক তারকা হরর ছবিতে কাজ করতে আগ্রহী হন না, কারণ এই ঘরানাকে অনেক সময় অভিনয়ের দিক থেকে কম গুরুত্ব দেওয়া হয়। তাঁর মতে, হরর সিনেমার আলাদা দর্শক রয়েছে এবং এই ঘরানাকে অবহেলা করা উচিত নয়।"

ভারতীয় সিনেমায় হরর নিয়ে আগেও বহুবার আলোচনা হয়েছে। অনেক নির্মাতার মতে, এই ঘরানাকে এখনও মূলধারার সিনেমার সমান গুরুত্ব দেওয়া হয় না। অথচ বিশ্বজুড়ে ভয় ধরানো সিনেমা এমন একটি ধারা, যেখানে কম বাজেটেও শক্তিশালী গল্প ও সৃজনশীলতার মাধ্যমে দর্শককে আকৃষ্ট করা যায়। 

ইমরানের কথায়, প্রয়োজন শুধু নতুন ভাবনা ও সাহসী নির্মাণের। কারণ ভয় দেখানোর চেয়ে গুরুত্বপূর্ণ হল এমন গল্প তৈরি করা, যা সিনেমা শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যায়।