ওটিটি মাধ্যমে পুরুলিয়ায় হইচই ফেলে আবার বড়পর্দায় ফিরতে প্রস্তুত 'একেন বাবু'। আর তাতেই 'কেরালায় কুরুক্ষেত্র' বাঁধাবে বাঙালির এই পছন্দের গোয়েন্দা। 'একেন বাবু' ফ্র্যাঞ্চাইজির ছবি মানেই নাম ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী থাকবেনই। সঙ্গে, তাঁর দুই সহচরের ভূমিকায় বরাবরের মতো দেখা যাবে সুহত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষকে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে থাকবে আর কোন কোন চমক? 

প্রয়াত সাহিত্যিক সুজন দাশগুপ্তর লেখা গল্পের উপর ভিত্তি করে 'একেন বাবু: কেরালায় কুরুক্ষেত্র' ছবিটির গল্প এবং সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবিতে 'একেন বাবু' হয়ে অনির্বাণ চক্রবর্তী মুখোমুখি হবেন খলনায়ক ঋত্বিক চক্রবর্তীর! তাঁর চরিত্রের নাম ইরফান ফাজিল। 

অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাইমা সেন, অর্ণ মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখকে। আসন্ন ছবিতে অম্বরীশ ভট্টাচার্যর চরিত্রের নাম দেবেশ, ইব্রাহিম হয়ে ধরা দেবেন অর্ণ। রাইমা অভিনয় করবেন দীপার ভূমিকায়, এবং সুব্রত হবেন পর্দার সুমন্ত। এঁদের নিয়েই বড়পর্দায় নতুন রহস্য ঘনাবে। 

এদিন আনুষ্ঠানিক ঘোষণা হল ছবির। আর সেই অনুষ্ঠানেই মঞ্চে কথাকলি নৃত্যের মুখোশ পরে এলেন অভিনেতারা। 'একেন বাবু: কেরালায় কুরুক্ষেত্র' ছবির অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় -সহ হাজির ছিলেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, সুহত্র মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। তাঁদের সকলের পরনেই ছিল লাল রঙের পোশাক।

প্রসঙ্গত, এর আগে 'একেন বাবু: বেনারসে বিভীষিকা' বক্স অফিস তোলপাড় করে দিয়েছিল। ব্লকবাস্টার হিট হয়েছিল সেই ছবি। এবার 'কেরালায় কুরুক্ষেত্র' কী করে সেটাই দেখার। তবে এবার প্রশ্ন কবে আসছে 'একেন বাবু: কেরালায় কুরুক্ষেত্র'? পুজোর সময়। একদিকে সে সময় মুক্তি পাবে দেব-শুভশ্রী জুটির 'দেশু ৭', অন্যদিকে থাকবে সৃজিত মুখোপাধ্যায়ের 'শরৎচন্দ্র ভার্সেস এম্পেরর'। এছাড়া উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'বহুরূপী ২' তো আছেই। এই তিন হাইভোল্টেজ ছবির সঙ্গে বক্স অফিসে টক্কর জমবে 'একেন বাবু'র। সিনেমাপ্রেমীদের জন্য এবারের পুজো যে জমজমাট হতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।