সোমবার, ২৫ মে 'ডন ৩' -এর বিতর্ক অবশেষে হয়তো শেষ হতে চলেছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লই বা এফ ডাব্লিউ আই সি ই এর কাছ অবধি বিষয়টা গড়িয়েছে। রণবীর সিং 'ডন ৩' ছেড়ে দেওয়ার পর ফারহান আখতার তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেটার ভিত্তিতেই আগামী সোমবার এফ ডাব্লিউ আই সি ই নিজেদের অবস্থান স্পষ্ট করবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ডন ৩' -এর বিতর্ক বিগত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে। রণবীর সিং প্রথমে ছবিটিতে কাজ করবেন বলেও ব্যাকআউট করেন। তারপর থেকেই অনিশ্চিত হয়ে পড়ে 'ডন ৩' -এর ভবিষ্যৎ। 

এদিন এফ ডাব্লিউ আই সি ই এর তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের কাছে এই অভিযোগ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জমা দেওয়া হয়েছে। ফারহান আখতার এই সংগঠনের সদস্য। এফ ডাব্লিউ আই সি ই এর তরফে জানানো হয়েছে তারা বর্তমানে অভিযোগ খতিয়ে দেখছেন। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে দেখছেন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বা ঘোষণা করার আগে। সোমবার বিকেলে তাঁরা এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবেন। তাঁদের তরফে জানানো হয়েছে, সাংবাদিক বৈঠক করে 'ডন ৩' প্রসঙ্গে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করবেন। ২৫ মে বিকেল ৪ টে নাগাদ হবে এই সাংবাদিক বৈঠক। 

বছর দুই-আড়াই আগে 'ডন ৩' ছবিটির ঘোষণা করা হয়। সেই সময়ই শাহরুখ খানের জায়গায় রণবীর সিংকে নেওয়ায় বিস্তর বিতর্ক শুরু হয়। এরপর বছর দু'য়েক ছবিটির সঙ্গে যুক্ত থাকার পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে রণবীর সিং ছবিটি ছেড়ে দেন। অভিনেতা জানান মূলত স্ক্রিপ্ট বদলের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' ছবিটি সেই সময়ই ব্লকবাস্টার হিট করে। তারপরই তিনি এই ছবি থেকে সরে দাঁড়ান। শুরু হয় বিতর্ক। এই ঘটনার পর এক্সেল রিটায়ারমেন্ট প্রযোজনা সংস্থার তরফে রণবীরের থেকে ৪০ কোটি টাকা দাবি করেন। একই সঙ্গে জানানো হয়, রণবীর একাধিক বার ছবিটির শিডিউল বদলেছেন সময় হচ্ছে না বলে। যদিও রণবীর সিং এখনও পর্যন্ত এই বিষয়ে জনসমক্ষে কোনও কথা জানাননি।