ছোটপর্দার মাধ্যমে পেয়েছিলেন ব্যাপক পরিচিতি। বড়পর্দাতেও দেখা যাবে তাঁকে। এর মধ্যেই এক অন্য সুখবর দিলেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। এবার তেলুগু ছবির নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। 

পরিচালক বিরেশ কোকার ছবিতে ডেবিউ করছেন ছোটপর্দার 'ফুলকি'। তাঁর বিপরীতে দেখা যাবে নবাগত সুস্বরা তরঙ্গকে। দুই নতুন নায়ক-নায়িকাকে নিয়ে পরিচালক রোমান্টিক-থ্রিলার ঘরানার ছবি আনতে চলেছেন।

ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির মহরৎ। তবে এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি তেলুগু ছবির শুটিং শুরু করবেন দিব্যাণী। অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে টলিউডের বেশ কয়েকটি ছবিতে। সৃজিত মুখার্জির 'এম্পারিয়র ভার্সেস শরৎচন্দ্র'-তে থাকছেন তিনি। 

রাণা সরকারের প্রযোজনায় আসছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক 'গুনগুন করে মহুয়া'। সেখানে মহুয়ার তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে দিব্যাণীকে। এছাড়াও ভরপুর রোমান্টিক ছবি 'রেড ফ্ল্যাগ'-এর নায়িকা হিসেবেও দেখা যাবে তাঁকে। ওই ছবিতে দিব্যাণীর বিপরীতে তথ্য থাকবেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। জেন-জি লাভ স্টোরির উদাহরণ হিসেবে আসছে এই ছবি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নায়ক-নায়িকা হিসেবে নিজেদের পর্দায় তুলে ধরার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন দিব্যাণী ও দিব্যজ্যোতি।

প্রসঙ্গত, দিব্যাণীকে দর্শক দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'তে। নায়িকার চরিত্রে অল্পদিনেই বেশ মন জয় করেছিলেন তিনি। টিআরপির নিরিখে দর্শকের দারুণ প্রতিক্রিয়া পেয়েছিল এই ধারাবাহিক। ওই গল্পে বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বিপরীতে ছিলেন অভিনেতা অভিষেক বসু। দু'জনের জুটিকেও দারুণ ভালবাসা দিয়েছিলেন দর্শক।