ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন দীপিকা কক্কর। এর মাঝেই নতুন করে এক শারীরিক জটিলতা দেখা দিয়েছে তাঁর শরীরে। যকৃতে সিস্ট ধরা পড়েছে অভিনেত্রীর। যার জন্যে তাঁর অস্ত্রোপচার করতে হয়েছে। এখন কেমন আছেন তিনি? সেই খবর দিলেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম।
সোশ্যাল মিডিয়ায় শোয়েব জানিয়েছেন, অস্ত্রোপচার ভালভাবে হয়েছে এবং এখন দীপিকা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই খবর জানার পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে।
কিছুদিন আগেই জানা যায়, দীপিকা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। মারণ রোগ ধরা পড়ার পরে লম্বা চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে বাড়িও ফেরেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরেই দীপিকা পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে বিষয়টিকে সাধারণ অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা মনে করা হলেও, গত শুক্রবার রাতে ব্যথার মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। আর দেরি না করে দীপিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রিপোর্টেই ধরা পড়ে যে দীপিকার যকৃতে ১.৩ সেন্টিমিটারের (১৩ মিমি) একটি সিস্ট তৈরি হয়েছে। চিকিৎসকেরা জানান, সিস্টটি ছোট হলেও ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। তাই দেরি না করে অপারেশনের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
শোয়েব জানিয়েছেন, অপারেশনের আগে পরিবার খুবই চিন্তায় ছিল। তবে চিকিৎসকের ওপর তাঁদের পূর্ণ ভরসা ছিল। নির্ধারিত দিনে সার্জারি হয় এবং সবকিছু পরিকল্পনা মতোই সম্পন্ন হয়। অপারেশনের পর দীপিকাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। চিকিৎসকেরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
দীপিকা হিন্দি টেলিভিশন জগতে পরিচিত মুখ। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক 'সসুরাল সিমার কা'-তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয় দক্ষতা এবং শান্ত স্বভাবের জন্য দর্শকের কাছে প্রিয় দীপিকা।
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও শোয়েব। ২০২৩ সালে তাঁদের পুত্রসন্তান রুহানের জন্ম হয়। বরাবরই এই কঠিন সময়ে অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় দীপিকার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই প্রার্থনা করছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সহকর্মীরাও তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।
