টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। লিভার ক্যানসারে আক্রান্ত এই অভিনেত্রীর শারীরিক অবস্থার সাম্প্রতিক অবনতি তাঁর অনুরাগীদের চিন্তায় ফেলেছে। গত মার্চ মাসে তাঁর লিভারের কাছে ১.৩ সেন্টিমিটারের একটি সিস্ট পুনরায় দেখা দেওয়ায় তাঁকে আবারও অস্ত্রোপচার করতে হয়েছে। এই পরিস্থিতি দীপিকাকে মানসিকভাবে বিপর্যস্ত ও আবেগপ্রবণ করে তুলেছে।
সম্প্রতি নিজের ভ্লগে দীপিকা জানান, এই শারীরিক অসুস্থতা তাঁকে কতটা উদ্বিগ্ন ও দিশেহারা করে দিয়েছে। এই কঠিন সময়ে দীপিকা ও তাঁর পরিবার এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যের অবনতি নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা জানান, এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া তাঁর জন্য কতটা কঠিন হয়ে পড়ছে এবং অসুস্থতার কারণে তিনি তাঁর ছেলে রুহানকেও ঠিক করে সময় দিতে পারছেন না।
দীপিকার কথায়, “আমার মাথায় অনেক কিছু চলছে। আমার অসুস্থতার কারণে শোয়েবকেও (দীপিকার স্বামী) অনেক ঝক্কি পোহাতে হচ্ছে। আমি রুহানকে ঠিকমতো সময় দিতে পারছি না; যেদিন খুব ক্লান্তি লাগে, সেদিন শুধু ঘুমিয়েই কাটে। হাসপাতালে থাকলে তো ওর সঙ্গে থাকার কোনও উপায়ই থাকে না। অসুস্থ হলে আপনার রুটিন, আপনার অগ্রাধিকার, সবই বদলে যায়; শরীরের তখন বিশ্রামের প্রয়োজন হয়। যখন আমরা কোনও রোগের বিরুদ্ধে লড়াই করি, তখন আমাদের মন থেকে শক্ত এবং ইতিবাচক থাকতে হয়। আমি এই পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাই।"
তিনি আরও বলেন, "গত কয়েকদিন ধরে আমরা পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা করছি। কিছু নতুন পরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসকরাও আলোচনা করছেন; মাঝে মাঝে সবকিছু খুব অসহ্য লাগে।”
দীপিকা আরও “১.৩ সেন্টিমিটারের সিস্টটি যেভাবে ফিরে এসেছে, তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এখন আমি একটু ভয়ে আছি যাতে এটা আর না ফিরে আসে। আমি ডায়েট শুরু করেছি, কিন্তু মনে মনে খুব অস্থিরতা কাজ করছে। একটা বিষয় আমি বুঝতে পেরেছি যে, আমরা নারীরা যতটা ভাবি, তার চেয়েও বেশি শক্তিশালী। আমাদের শরীর এত জটিল; তা সামলে প্রতিদিন চলা সত্যিই কুর্নিশ জানানোর মতো। কোনও রোগ ছাড়াও আমাদের শরীরে যে হরমোনজনিত পরিবর্তন ঘটে এবং আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তারপরেও আমরা জীবনটাকে মসৃণভাবে চালিয়ে নিই। আমি এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি যাদের ক্ষেত্রেও রোগটি ফিরে এসেছিল। আমার এক বন্ধুর সঙ্গেও কথা হয়েছে, যে বর্তমানে খুব কঠিন স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।”
















