জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। লিভার ক্যানসারের মারণ থাবার বিরুদ্ধে তিনি আপ্রাণ লড়াই চালিয়ে এখন সুস্থ। কিন্তু এর মাঝেই নতুন করে এক শারীরিক জটিলতা দেখা দিয়েছে তাঁর শরীরে। জানা গিয়েছে, ক্যানসারমুক্ত হলেও দীপিকার যকৃতে একটি ‘সিস্ট’ ধরা পড়েছে, যার জন্য তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

দীপিকার স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম সম্প্রতি তাঁর ইউটিউব ভ্লগের মাধ্যমে এই দুঃসংবাদটি সকলের সঙ্গে ভাগ করেছেন। শোয়েব জানান, গত কয়েকদিন ধরেই দীপিকা পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে বিষয়টিকে সাধারণ অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা মনে করা হলেও, গত শুক্রবার রাতে ব্যথার মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। আর দেরি না করে দীপিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রিপোর্টেই ধরা পড়ে যে দীপিকার যকৃতে ১.৩ সেন্টিমিটারের (১৩ মিমি) একটি সিস্ট তৈরি হয়েছে।

এই খবরটি দীপিকা ও শোয়েব দু'জনের জন্যই বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত মে মাসে দীপিকার লিভার ক্যানসার ধরা পড়েছিল এবং জুনে দীর্ঘ ১৪ ঘণ্টার এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর লিভারের একটি অংশ ও টেনিস বলের সমান একটি টিউমার অপসারণ করা হয়েছিল। চিকিৎসকরা তখনই সতর্ক করেছিলেন যে এই ধরণের টিউমার অত্যন্ত আক্রমণাত্মক হয় এবং ফের ফিরে আসার সম্ভাবনা থাকে।

তবে স্বস্তির বিষয় হল, চিকিৎসকরা জানিয়েছেন এই সিস্টটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর জন্য বড় কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে দীপিকাকে আগামী মঙ্গলবার হাসপাতালে ভর্তি হতে হবে এবং অন্তত ৩-৪ দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। শোয়েবের ভাগ করে নেওয়া ভিডিওতে দীপিকাকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। তিনি তাঁর অনুরাগীদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন। শারীরিক যন্ত্রণার পাশাপাশি দীপিকা তাঁর বাম কাঁধেও ব্যথা অনুভব করছেন, যা তাঁর আগের ক্যান্সারের লক্ষণগুলোর সঙ্গে মিলে যাওয়ায় দম্পতি কিছুটা আতঙ্কিত ছিলেন। শোয়েব জানিয়েছেন, এই নতুন সমস্যার কারণে দীপিকার চিকিৎসায় কিছু পরিবর্তন আসতে পারে। হয়তো ওরাল কেমোথেরাপির বদলে তাঁকে এখন ইমিউনোথেরাপি নিতে হতে পারে। ভ্লগটি সামনে আসার পর থেকেই তা ব্যাপক হারে ভাইরাল হয়েছে।‌ জীবনের এই কঠিন সময়ে দীপিকার অদম্য লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন তাঁর অনুরাগীরা।