সংবাদসংস্থা, মুম্বই: সম্প্রতি তেলুগু ছবিতে নজর কেড়েছেন ডিনো মোরিয়া। সেই সাফল্যের পরেই ঘুরেছে তাঁর ভাগ্যের চাকা। দক্ষিণের ছবিতে এবার খলনায়কের চরিত্রে তিনি। ছবির নাম "বান্দ্রা।" "খলনায়ক" ছবির নায়ক ছিলেন সঞ্জয় দত্ত। তিনিও সম্প্রতি নজর কেড়েছেন খলনায়কের চরিত্রে। "কেজিএফ" এর সিক্যুয়েলে তিনি ধরা দিয়েছেন সম্পূর্ণ নতুন অবতারে। বলিউডে এটাই নাকি নতুন ট্রেন্ড। পর্দার নায়করাই এখন খলনায়কের চরিত্রে বাজিমাত করেছেন। এই প্রসঙ্গে সম্প্রতি মুম্বই সংবাদসংস্থার কাছে মুখ খুলেছেন ডিনো।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও বলিউডেও কাজ করেছেন তিনি। হাত পাকিয়েছেন আঞ্চলিক ছবিতেও। তবে হঠাৎ করেই তিনি যেন উধাও হয়ে যান। মন দেন ব্যবসায়। আবারও তিনি ফিরেছেন, নজর কেড়েছেন খলনায়কের চরিত্রে। তারপরেই সুযোগ পেয়েছেন "বান্দ্রা"য়। তবে এখানে তাঁর চরিত্রটা তথাকথিত খল নয়। 
অভিনেতার কথায়, "আমরা শুধু ভাল চরিত্র করতে চাই। ভাল সুযোগ পেতে চাই। এবং ভাল গল্পের অংশ হতে চাই। আমি বাইরে থেকে এসেছি ইন্ডাস্ট্রিতে। একজন অভিনেতা হিসাবে, আমি কেবল আকর্ষণীয় চরিত্র খুঁজি। কোন অঞ্চলের ছবি, সেই চিন্তা করি না। আমি যেখানেই ডাক পাব যাব।"