নেটফ্লিক্সে আবারও ফিরতে চলেছে এই ওটিটি মাধ্যমে জনপ্রিয় সিরিজ 'দ্য রয়েলস'। তবে জানা যাচ্ছে 'দ্য রয়েলস সিজন ২' -তে নাকি থাকবেন না ভূমি পেডনেকর। এই সিরিজের অন্যতম মুখ্য অভিনেত্রীকে ছাড়াই এগোবে গল্প? শুরু হয়েছে জল্পনা।
জানা গিয়েছে, 'দ্য রয়েলস' সিরিজের সিজন ২ -তে রোমান্টিক গল্প দেখানো হবে না। বরং জোর দেওয়া হবে রাজ পরিবারের উপর। তার গল্প, তার সঙ্গে জড়িত ইতিহাস মূলত উঠে আসবে। সূত্রের তরফে জানানো হয়েছে, গল্পের এই পরিবর্তন ভূমি পেডনেকর সিরিজটি থেকে সরে দাঁড়িয়েছেন সেটার জন্য নয়। বরং নির্মাতারাই চান এবার গল্পটিকে একদম সম্পূর্ণ একটি আলাদা আঙ্গিকে তুলে ধরতে। তাঁর কথা অনুযায়ী, 'যখন আপনি পর্দায় রোম্যান্স দেখান তখন সেটাই আপনার গল্পকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু তাই বাইরেও কিন্তু দর্শক এই রাজ পরিবার, তার চরিত্র অর্থাৎ ঈশান, জিনাত, ভূমি, সাক্ষী, তাঁদের দুনিয়ার সঙ্গেও আলাপ করতে চায়। প্রথম সিজন অসমাপ্ত প্রেম দিয়ে শেষ হয়েছে। এবার সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না নির্মাতারা। না, এর নেপথ্যে ভূমির সঙ্গে কোনও ঝগড়া বা কিছু নেই। বরং তাঁরা স্বাভাবিকভাবেই গল্পকে একদম অন্য আঙ্গিকে তুলে ধরতে এবং এগিয়ে নিয়ে যেতে চাইছেন।
এই রাজ পরিবার এবং দুনিয়াই সিজন ২ -এর মূল বিষয় হবে। রোমান্টিক দিক নয়। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ভূমি পেডনেকর এই 'দ্য রয়েলস' সিরিজে অভিনয় করার পর বিস্তর কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন। তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেটা স্পষ্ট নয়।
তবে ভূমি পেডনেকর এখন মূলত এমন চরিত্র করতে চাইছেন যার অনেক পরত আছে। অনেক বেশি ডার্ক। জানা গিয়েছে ইয়ামি গৌতম অভিনীত 'হক' ছবির নির্মাতাদের সঙ্গে তাঁর একটি কোর্টরুম ড্রামা ঘরানার প্রজেক্ট নিয়ে কথা চলছে। এছাড়া ইমরান খানের সঙ্গেও আগামীতে একটি কাজে দেখা যাবে তাঁকে। সেটাও নেটফ্লিক্সে আসবে। তবে সেই প্রজেক্টের বিষয়ে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'দ্য রয়েলস' মুক্তি পাওয়ার পর ভূমি এত বেশি কটাক্ষের শিকার হন যে তিনি দারুণ ভেঙে পড়েছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন ট্রোলিংয়ের কারণে তিনি ক্রিয়েটিভ দিকে মন দিতে পারছেন না। হতাশ হয়ে পড়ছেন।















