বলিউডে বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন অভিনেত্রী ক্রিস্টাল ডি'সুজা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'ধুরন্ধর' ছবিতে তাঁর দুর্দান্ত নাচের পারফরম্যান্স দর্শকের নজর কেড়েছে। বিশেষ করে 'শারারাত' গানে তাঁর উপস্থিতি সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। তবে কেবল নাচের কারণেই নয়, ক্রিস্টাল এখন চর্চায় রয়েছেন অন্য একটি বিশেষ কারণে—'বলিউড ডিভা' করিনা কাপুর খানের সঙ্গে তাঁর চেহারার অদ্ভুত মিল।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক, অনেকেই ক্রিস্টালের মধ্যে করিনা কাপুরের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ক্রিস্টাল নিজেই। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান, করিনা কাপুরের মতো একজন 'আইকনিক' অভিনেত্রীর সঙ্গে তাঁর তুলনা হওয়াটা তাঁর কাছে স্বপ্নের মতো। তিনি বলেন, "করিনা কাপুর খানকে আমি 'দিল মেরা মুফতে কা' গানে দেখে মুগ্ধ হয়েছিলাম। আজ যখন তাঁর সঙ্গে আমার তুলনা করা হচ্ছে, তখন নিজেকে বিশ্বাস করানোই কঠিন হয়ে পড়ছে। প্রতিদিন আমার মনে হচ্ছে আমি যেন কোনও স্বপ্ন দেখছি।"
আবেগপ্রবণ হয়ে ক্রিস্টাল আরও জানান যে, এই তুলনা কেবল অনুরাগীরাই করছেন না, তাঁর মা নাকি ছোটবেলা থেকেই এমন কথা বলে আসছেন। অভিনেত্রীর কথায়, "আমার মা সবসময় বলতেন যে আমাকে নাকি দেখতে করিনা কাপুরের মতো লাগে। মা যখনই আমাকে পর্দায় দেখতেন, বলতেন যে আমার অঙ্গভঙ্গিতে করিনার ছোঁয়া আছে। তখন আমি হেসে উড়িয়ে দিতাম, নিজে কখনও তেমনটা অনুভব করিনি। কিন্তু আজ যখন গোটা বিশ্ব একই কথা বলছে, তখন মনে হচ্ছে মায়ের কথাই সত্যি হল। মায়েদের ইচ্ছে সবসময়ই ফলে যায়।"
'ধুরন্ধর' ছবিতে ক্রিস্টালের সঙ্গে আয়েশা খানকেও দেখা গিয়েছে। গানটির কোরিওগ্রাফি এবং ক্রিস্টালের এনার্জি দর্শকের দারুণভাবে মুগ্ধ করেছে। ছবিটি বক্স অফিসেও বেশ ভাল সাফল্য পাচ্ছে। রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন এবং সঞ্জয় দত্তের মতো বড় মাপের তারকাদের ভিড়েও ক্রিস্টাল নিজের অভিনয়ের ছাপ রাখতে সক্ষম হয়েছেন।
তবে করিনার সঙ্গে এই তুলনা ক্রিস্টালের কেরিয়ারে নতুন এক মাত্রা যোগ করেছে। অনুরাগীদের মতে, ক্রিস্টালের হাসি এবং তাকানোর ভঙ্গিতে করিনা কাপুরের সেই শুরুর দিকের দিনগুলোর অনেকটা মিল রয়েছে। যদিও ক্রিস্টাল জানিয়েছেন যে তিনি করিনাকে নিজের আদর্শ মনে করেন এবং তাঁর মতো হতে পারাটা যে কোনও অভিনেত্রীর জন্যই পরম পাওয়া। এখন দেখার বিষয়, এই তুলনা ক্রিস্টালের ভবিষ্যৎ কেরিয়ারে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে তিনি এই নতুন পরিচিতি এবং দর্শকের ভালবাসা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।
