রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ঘিরে এবার চর্চা তুঙ্গে পাকিস্তানেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও ঘিরে দাবি উঠেছে, ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানে সার্ভার ক্র্যাশের পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নেটফ্লিক্স। 

সম্প্রতি পাকিস্তানের এক কনটেন্ট ক্রিয়েটর মাভিয়া উমর ফারুকি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, রাত ১২টা বাজতেই বহু দর্শক একসঙ্গে ‘ধুরন্ধর ২’ দেখতে নেটফ্লিক্সে লগ ইন করেন। এরপর থেকেই স্ট্রিমিংয়ে সমস্যা শুরু হয় এবং ভিডিও বারবার বাফার করতে থাকে। তাঁর দাবি, ইন্টারনেট সংযোগে কোনও সমস্যা ছিল না, বরং অতিরিক্ত ভিউয়ারের চাপে প্ল্যাটফর্ম সাময়িকভাবে সমস্যায় পড়েছিল। তাঁর দাবি, সকলে জানতে চাইছেন সিনেমাটা কেমন, রণবীরের চরিত্র কেমন, এসব পাকিস্তানের সকলে জানতে চাইছেন। 

শুধু তাই নয়, পাকিস্তানে ছবিটি নেটফ্লিক্সের ট্রেন্ডিং তালিকায় এক নম্বরে উঠে এসেছে বলেও দাবি করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন, ভারতীয় সিনেমার জনপ্রিয়তা সীমান্ত পেরিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। আবার অনেকে এই “সার্ভার ক্র্যাশ” তত্ত্ব নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন। 


অন্যদিকে, ছবির জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছেন অনেকে। আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন-স্পাই থ্রিলার ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক বাজারেও ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করা হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল-সহ একাধিক তারকা।