'ধুরন্ধর ২' ছবিটি নিয়ে সেই ২০২৫ সালে যখন 'ধুরন্ধর' মুক্তি পায় তখন থেকেই উন্মাদনা তুঙ্গে! সদ্যই বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত, রণবীর সিং অভিনীত এই ছবি। প্রথম দিন বক্স অফিসে কত কোটি আয় করল? 

২০ মার্চ অর্থাৎ 'ধুরন্ধর ২' মুক্তির দ্বিতীয় দিনে দুপুরে পর্যন্ত এই ছবির ৫ লাখ ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। হ্যাঁ, কেবল শুক্রবারেই এই বিপুল সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। সাধারণত এই ক্রেজ কোনও উইকেন্ড বা জাতীয় ছুটির দিনে দেখা যায়। কিন্তু 'ধুরন্ধর ২' যেন সব হিসেব ঘেঁটে দিচ্ছে। 

শুক্রবার অর্থাৎ ছবি মুক্তির দ্বিতীয় দিনের দুপুর পর্যন্ত ছবিটি ৩২ কোটি টাকা আয় করেছে। যেখানে 'বর্ডার ২' মুক্তির দ্বিতীয় দিন সার্বিক ভাবে ৩২ কোটি ১০ লাখ টাকা আয় করেছিল। 

বৃহস্পতিবার, ১৯ মার্চ 'ধুরন্ধর ২' ওরফে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' বক্স অফিসে ১০২ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। দেশ জুড়ে চলেছে ২১ হাজারের বেশি শো। গ্রস আয় ১৭২ কোটি ৬৩ লাখ টাকা। ভারতের বাইরে এই ছবি ৬৪ কোটি টাকা উপার্জন করেছে প্রথম দিন। ফলে বর্তমানে প্রথম দিনের সার্বিক আয় এবং দ্বিতীয় দিনের দুপুর পর্যন্ত আয়ের নিরিখে 'ধুরন্ধর ২' বক্স অফিসে ১৭৭ কোটি টাকা আয় করেছে। উইকেন্ডে এই আয়ের পরিমাণ আরও বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। 

ছবির হিন্দি ভার্সনের প্রথম দিনের আয় দেখতে গেলে 'জওয়ান' (৭৫ কোটি), 'পাঠান' (৫৭ কোটি), 'অ্যানিম্যাল' (৬৩.৮০ কোটি), 'স্ত্রী ২' (৫২ কোটি) -কে ছাপিয়ে গিয়েছে 'ধুরন্ধর ২'! তবে 'পুষ্পা ২' -এর রেকর্ড ভাঙতে পারল না। সামান্য পিছিয়ে পড়েছে। বর্তমানে প্রথম দিনে ভারতের সবচেয়ে আয় করা ছবির তালিকায় চার নম্বরে আছে 'ধুরন্ধর ২'। তার আগে 'পুষ্পা ২' (১৬৪ কোটি), 'আরআরআর' (১৩৩ কোটি), 'কেজিএফ চ্যাপ্টার ২' (১১৬ কোটি) আছে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর ২' ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। মুখ্য ভূমিকায় অর্থাৎ হামজার ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ আছেন। ছবিটির প্রযোজনা করেছেন আদিত্য ধর এবং লোকেশ ধর। জল্পনা সত্যিই করে ছবিটিতে ইয়ামি গৌতমকে একটি ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছে।