৭২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুড়েছিলেন দেব। ব্যান কালচার তোলার দাবিতে সরব হয়েছিলেন টলিউডের 'মেগাস্টার'। তারপর নিজের আগামী ছবি 'দেশু ৭'-এ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ফিরিয়ে এনেছিলেন দেব। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করতেই উন্মাদনা ছড়িয়েছিল দর্শক মহলে। 

আসছে দেব-শুভশ্রীর সাত নম্বর ছবি। আর সেই ছবির চমক হিসেবে থাকছেন অনির্বাণ। ছবির পরিচালনা করছেন দেব নিজেই। ইতিমধ্যেই শুরু হয়েছে 'দেশু ৭'-এর শুটিং। সমাজমাধ্যমে অনির্বাণকে পাশে নিয়ে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দেব। লিখলেন, '৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত‍্যি কখনও বদলায় না।
বন‍্যেরা বনে সুন্দর , শিল্পীরা শিল্পে। আজ #DeSu7 এ প্রথম দিন , একসাথে।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

দেব নিজের এই পোস্টে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ব্যান কালচারের তোয়াক্কা না করেই অনির্বাণকে সুযোগ দিয়েছিলেন নিজের ছবিতে। টলিউডের বিশ্বাস ব্রাদার্স অরূপ-স্বরূপের 'দাদাগিরি'তে যে ইন্ডাস্ট্রির পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল, তারপর স্বরূপের গ্রেপ্তার হওয়া, দেব তাঁর পোস্টে এসবেরও হালকা ইঙ্গিত দিয়েছেন। 

ছবির মহরতে দেব জানিয়েছিলেন রেগে গিয়ে ঘোষণা করেছিলেন 'দেশু ৭'-এর। মেগাস্টার বলেন, "সত্যি বলতে রেগেমেগে অ্যানাউন্স করেছিলাম। মানুষ আমাদের উপর যে আশা ভরসা রেখেছেন, যেভাবে টিকিট বিক্রি হয়েছে, যেখানেই আমরা যাচ্ছি সেখানেই যেভাবে প্রতিক্রিয়া পাচ্ছি, মানুষের যে উন্মাদনা সেটা যেন আমরা সবাই পূরণ করতে পারি, জাস্টিফাই করতে পারি। একটা ভাল বাংলা ছবি যেন সবাইকে উপহার দিতে পারি।"

যদি পুজোর সময়ই মুক্তি পায় ছবিটি তবে, চলতি বছরের পুজোর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে দেব এবং শুভশ্রীর জুটির এই কামব্যাক ছবি।