গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সরকারের পক্ষ থেকে বন্দেমাতরম্-এর ১৫০ বছর শীর্ষক দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এই অনুষ্ঠানে বন্দেমাতরম্-সহ একাধিক দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেছেন দেবজ্যোতি মিশ্র এবং তাঁর সুরসদস্যরা৷ আজকাল ডট ইন যোগাযোগ করেছিল দেবজ্যোতি মিশ্রর সঙ্গে।

শিল্পী বলেন, "প্রসার ভারতী দূরদশর্নের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য৷ এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায়, বিধানসভার অভ্যন্তরে আমরা এমন একটা অনুষ্ঠান করলাম, দেবজ্যোতি মিশ্র এবং তাঁর সহশিল্পীদের অনুষ্ঠান৷ যদিও আমি মনে করি সহশিল্পী নয়, প্রত্যেকে নিজস্ব গুণে এক একজন শিল্পী, আমরা সকলে মিলে এই অনুষ্ঠান করলাম৷ মা আমাকে ছোটবেলায় 'বন্দেমাতরম্' গানটা শিখিয়েছিলেন। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের কণ্ঠে এই গান শুনেছি৷ প্রায় পূর্ণ গান আছে রবীন্দ্রনাথের নিজের গলায়৷ আমার ছেলেমেয়েদের সঙ্গে যখন আবার নতুন করে গানটা গাইলাম, রিহার্সেলেই আমি খুব রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম। ভীষণ আবেগাপ্লুত মনে হচ্ছিল৷"

দেবজ্যোতি মিশ্র বলেন, "বন্দেমাতরম্ গানটির পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশাত্ববোধক গান তাঁরা বিধানসভায় পরিবেশন করেছেন৷ বঙ্গ আমার জননী আমার, উঠো গো ভারতলক্ষ্মী, ধন ধান্য পুষ্প ভরা গাইলাম আমরা৷ কিন্তু বন্দেমাতরম্ যখন গাইলাম, সবাই তখন উঠে দাঁড়াল, আমরা দাঁড়িয়েই গান গাইছিলাম, কিন্তু বিধানসভার কক্ষে সকল শ্রোতারা সকলে আপনা থেকেই উঠে দাঁড়িয়ে পড়লেন৷ তখন আমাদের মনে হল, সত্যি তো এরকম একটা গান যখন গাওয়া হবে, আমাদের অন্তরের উপলব্ধিই তো সেই অনুভূতি তৈরি করে যেখানে দাঁড়িয়ে থেকে এই গান শোনা যায়৷"
বিধানসভায় শ্রোতার আসনে রাজ্যের মন্ত্রীসভার অনেকেই উপস্থিত ছিলেন৷ রূপা গাঙ্গুলির গানের প্রশংসা করেন দেবজ্যোতি মিশ্র৷ দেবজ্যোতি মিশ্র বলেন, "রূপা সম্পূর্ণ গানটা দাঁড়িয়ে গাইছিল৷ ও অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অত্যন্ত ভাল গান গায়৷ গুণী শিল্পী৷ রবীন্দ্রনাথের গান তো ভীষণ ভাল করে৷ তাপস বাবুও গানটা গাইছিলেন, মঞ্চ থেকে দেখছিলাম ওঁকে।"

গতকাল বিধানসভায় একবার নয় দু'বার গাওয়া হয়েছে বন্দেমাতরম্। দেবজ্যোতি মিশ্র বলেন, "আমরা শুরু আর শেষ দু'বার বন্দেমাতরম্ গেয়েছি৷ দুবারের গাওয়ায় প্রারম্ভের অংশে একটা বৈচিত্র্য ছিল, যেটা রবীন্দ্রনাথ গেয়েছিলেন আমরা সেইরকমভাবে শুরু করে আবার আমরা মূল গান মানুষ যেভাবে গায় সেভাবে করেছিলাম। এবং পূর্ণাঙ্গ গানটি গাইবার পরে আমাদের অন্তরে ছিল সেই অনুরণন৷ বাড়ি ফিরলাম বন্দেমাতরম্-এর আবেশ নিয়ে৷ এই সময় সারা পৃথিবী যেখানে দাঁড়িয়ে, সেখানে স্বদেশের জন্য এই গৌরবের অনুভূতি, একাত্মবোধ প্রয়োজন। এই একাত্মবোধের জন্যই একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন বন্দেমাতরম্' লিখেছিলেন রবীন্দ্রনাথ। এই বন্দেমাতরম্-এর সুরটি কিন্তু রবীন্দ্রনাথের করা। রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে বলছি, এই গানগুলির পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবন প্রয়োজন।"

১৫ জনের একটি দল গতকাল বিধানসভায় অনুষ্ঠান করেছেন দেবজ্যোতি মিশ্রের পরিচালনায়৷ দেবজ্যোতি মিশ্রের সঙ্গে ছিলেন, শ্রীরঞ্জনী বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা চন্দ, সোনাক্ষী কর, চন্দ্রিলা বসু চৌধুরী, শ্রীপূর্ণা দত্ত, দীপাঞ্জন পাল, শ্রয়ণ চন্দ, সায়ন মিত্র, অভিষেক চক্রবর্তী। যন্ত্রানুসঙ্গে ছিলেন, শুভেন্দু শেখর দাস, পার্থ চক্রবর্তী, সোমনাথ রায়, ঋক মুখার্জি, কঙ্কন বিশ্বাস।















