বাংলায় যে রিয়েলিটি শোগুলো হয়, তার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'। এই নাচের শোয়ে গত বারের চমক হিসেবে ছিল হল্লা পার্টি। আর এই পার্টির অর্থাৎ কুচোকাচাদের অন্যতম সদস্য ছিল রোদ্দুর। এই খুদে বর্তমানে গুরুতর অসুস্থ। আর তার জন্য বিশেষ আবেদন সৌরভ পালোধীদের।
কী হয়েছে? এদিন রোদ্দুরের 'ডান্স বাংলা ডান্স'- এর মঞ্চের একাধিক ছবির সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে জানানো হয়েছে তার ফুসফুস কার্যত বিকল। বর্তমানে সে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর এই একরত্তির সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। তাই তাঁরা সকলে মিলে নেটিজেনদের কাছে আবেদন করছেন যাতে সকলে সাহায্য করেন রোদ্দুরকে।
এদিন এও জানানো হয়েছে, যে তাঁরা সকলে নিজেদের মতো করে চেষ্টা করছেন রোদ্দুরের পরিবারের পাশে দাঁড়ানোর। কিন্তু চিকিৎসার অঙ্ক যেহেতু অনেকটাই বেশি তাই সকলের থেকেই সাহায্য চেয়েছেন তাঁরা।
'মীরাক্কেল' খ্যাত শুভদীপ ঘোষ এই বিষয়ে একটি পোস্ট করেছেন। তাঁর সেই পোস্ট এদিন সমাজমাধ্যম শেয়ার করেন 'মীরাক্কেল' -এর জনপ্রিয় কমেডিয়ান, তথা নাট্যব্যক্তিত্ব, পরিচালক সৌরভ পালোধীও। এই পোস্টে লেখা হয়েছে, 'ডান্স বাংলা ডান্সের হল্লা পার্টির কথা মনে আছে তো? ওদের অ্যাঙ্করিং আপনারা এত পছন্দ করেছিলেন বলেই পার্টিসিপেন্টসদের মতন জনপ্রিয়তা ওরাও পেয়েছিল। এদের মধ্যে একজন কিউটের ডিব্বা হলো রোদ্দুর। অনেক মজার মুহূর্ত, অনেক আনন্দ ও আমাদের উপহার দিয়েছে। কিন্তু আজ সে ভীষণ অসুস্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। ফুসফুস কার্যত বিকল। চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার বা তার বেশী। এইরকম একটা বড় টাকার এস্টিমেট খুব জরুরী ভিত্তিতে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আসুন, আমরা সবাই মিলে রোদ্দুরের পাশে দাঁড়াই। একটু সাহায্য, একটা ছোট্ট অবদান ওকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে।'
প্রসঙ্গত, 'ডান্স বাংলা ডান্স' -এর মঞ্চে গত সিজনে মহাগুরু হিসেবে ছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে এই হল্লা পার্টিকে দেখা যেত। গোটা অনুষ্ঠানকে আরও মজাদার করে তোলার জন্য, দর্শকদের আরও বিনোদন দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়। সঙ্গে থাকে কেকে, অর্থাৎ সেই জনপ্রিয় ভূত।
এদিন রোদ্দুরের অসুস্থতার কথা প্রকাশ্যে আসার পরই অনেকেই জানিয়েছেন যে তাঁরা সাহায্য করবেন। কেউ কেউ আবার তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে সমাজমাধ্যমে রোদ্দুরের অসুস্থতার কথা ভাইরাল।
