গ্ল্যামার আর ঝলমলে আলোয় ভরা ফিল্ম ইন্ডাস্ট্রির আড়ালে লুকিয়ে আছে অনেক অন্ধকার। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল কাস্টিং কাউচ, যার শিকার হয়েছেন বহু খ্যাতনামা অভিনেত্রী। অনেক সময় তাঁরা ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এমন ঘৃণ্য অভিজ্ঞতার সম্মুখীন হন, যেগুলি মনে পড়লেও আজও শিউরে ওঠেন। ঠিক এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন বলি অভিনেত্রী ডেইজি শাহ।
সলমন খানের বিপরীতে 'জয় হো' ছবির মাধ্যমে বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী ডেইজি শাহ। এরপর রেস ৩ তেও সলমনের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কাস্টিং কাউচ এবং অপেশাদার আচরণের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। নাম প্রকাশ না করে এক জনপ্রিয় দক্ষিণী পরিচালকের লালসার শিকার হওয়ার সেই ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতিচারণ করেছেন তিনি।
সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ডেইজি শাহ মুম্বইয়ের এক হোটেল রুমে হওয়া এক অস্বস্তিকর ঘটনার কথা ফাঁস করেছেন। কাস্টিংয়ের নাম করে এক পরিচালক কীভাবে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন, সেই অভিজ্ঞতাই তুলে ধরেছেন তিনি। ডেইজি জানান, দক্ষিণ ভারতের এক পরিচালক কাস্টিংয়ের জন্য মুম্বইয়ে এসেছিলেন। সেখানে ডেইজি সহ আরও ৬-৭ জন মেয়ে অডিশন দিতে গিয়েছিলেন। ডেইজির কথায়, “ওই পরিচালক আমাদের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে দেখা করছিলেন। আমি ঘরে ঢুকতেই তাঁর আচরণে খুব অস্বস্তি বোধ করি। তিনি খুব নোংরাভাবে আমাকে স্পর্শ করছিলেন এবং আমার হাত ধরে ছিলেন। যা আমার একেবারেই পছন্দ হয়নি।”
ব্যক্তিগত জীবনে ‘স্পর্শ’ নিয়ে ডেইজি বরাবরই খুব সচেতন। তিনি বলেন, “আমি বডি ম্যাসাজও করাই না কারণ অন্য কারও স্পর্শ আমি সহ্য করতে পারি না। একজন নারী স্পর্শ করলেও আমি পিছিয়ে আসি, সেখানে একজন পুরুষ ওইভাবে আমাকে ধরছিলেন...আমার আমার কছে তা ছিল চরম অস্বস্তিকর। আমি তাঁকে বলেছিলাম পরে দেখা করব, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর আর কোনওদিন তাঁর সঙ্গে যোগাযোগ করিনি।”
কোরিওগ্রাফার গণেশ আচার্যর সহকারী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ডেইজি। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে বহু গানে কাজ করার পর কন্নড় ছবি ‘ভদ্র’ ও ‘বডিগার্ড’-এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০১৪ সালে সলমন খানের হাত ধরে ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউড মাত করেন তিনি। এরপর ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।
সম্প্রতি অমজদ খানের ওয়েব সিরিজ ‘রেড রুম’-এ ডেইজির অভিনয় প্রশংসিত হয়েছে। ইউটিউবেও তিনি বেশ সক্রিয়, সেখানে প্রায় ৫০ হাজার সাবস্ক্রাইবার তাঁর দৈনন্দিন জীবন বা ভ্লগ উপভোগ করেন। আগামীতে পলাশ মুচ্ছল পরিচালিত একটি থ্রিলার ছবিতে শ্রেয়াস তালপাড়ের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে।















