সম্প্রতি খবরের শিরোনামে রয়েছেন কমেডিয়ান প্রণীত মুর। তাঁর শোয়ে এসে এক ব্যক্তি জানান এক মহিলাকে ডেটে নিয়ে গিয়ে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়ে সেটা পরে 'উশুল' করার চেষ্টা করেন। এই শুনে হাসেন প্রণীত, তাঁকে উপহারও দেন। এরপর নতুন করে ভাইরাল হল মধুর ভির্লির বলা এক 'জোক'। 

২০২৪ সালে ধর্ষণ নিয়ে 'জোক' বলেছিলেন কমেডিয়ান মধুর ভির্লি। সেই শোয়ে মধুর বলেন, ১০ টার মধ্যে ৯ টা সাধারণ ধর্ষণ। আর ১০ নম্বরের ক্ষেত্রে নির্যাতিতা নাকি ধর্ষণের পর ধর্ষককে জড়িয়ে ধরার আবদার করেন। ছুরি হাতে জড়িয়ে ধরতে বলেন, অর্থাৎ তাঁকে মেরে ফেলার কথা বলেন। শুধু তাই নয়, তিনি সেই শোয়ে এও বলেন, 'ধর্ষণের পর নির্যাতিতারা অনেক সময় বলেন এর থেকে মৃত্যু ভাল ছিল। কিন্তু কখনও লাশ বলে না মৃত্যুর থেকে ধর্ষণ ভাল।' তাঁর এই অসংবেদনশীল মজা মোটেই ভাল কিভাবে নেয়নি নেটপাড়া। চলছে কটাক্ষের ঝড়। বিতর্ক পুরনো মজা নিয়ে উসকে যেতেই ক্ষমা চাইলেন মধুর। 

মধুর এদিন সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 'আমার যে ভিডিও অনলাইনে এখন শেয়ার করা হচ্ছে সেটার জন্য ক্ষমা চাইছি। আমার ২ বছর আগের একটি পারফরমেন্স থেকে ক্লিপটি শেয়ার করা হয়েছে। কিন্তু করা পারফর্ম করার পরই আমি বুঝেছিলাম যে ভুল করেছি। আর তখনই ভিডিওটা সরিয়ে দিই। এখন নতুন করে সেটা ভাইরাল হয়েছে।' 

তাঁর আরও সংযোজন, 'আমি বিশ্বাস করি বিভিন্ন ভাবনাকে প্রশ্ন করতে পারে কমেডি, বিভিন্ন কঠিন বিষয় এর বস্তু হতে পারে। কিন্তু কিছু জিনিসের বিষয়ে সংবেদনশীল হওয়া প্রয়োজন।' 

কিন্তু কে এই মধুর ভির্লি। মধুর দিল্লির বাসিন্দা, দিল্লি আইআইটির প্রাক্তনী তিনি। মূলত তাঁর লেখা, কমেডির জন্যই জনপ্রিয়। ২০১৮ সালে একটি কমেডি শোয়ের বিজয়ী হন। তারপর থেকেই ধীরে ধীরে খ্যাতি পান। মূলত মেন্টাল হেলথ, সম্পর্ক, ইত্যাদি বিষয়েই তিনি জোকস বলে থাকেন। অনলাইনে তাঁর ফলোয়ার সংখ্যা চোখে পড়ার মতো।