আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


‘চুন্নরি চুন্নরি’ নতুন রূপে ফিরতেই নস্টালজিয়া

নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘চুন্নরি চুন্নরি’ ফের নতুন রূপে ফিরতেই নস্টালজিয়ার বন্যা৷ নতুন ভার্সনে আবারও একসঙ্গে দেখা গেল সলমন খান ও সুস্মিতা সেনকে, আর তাতেই উচ্ছ্বসিত ভক্তরা। গানটির ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে— এতদিন পর এই জুটির পুনর্মিলন যেন সত্যিই বহু প্রতীক্ষিত। আগের মতোই সলমনের স্টাইল আর সুস্মিতার গ্ল্যামার নজর কেড়েছে দর্শকদের। অনেকেই বলছেন, বলিউডে এই জুটিকে আরও বেশি পর্দায় দেখা উচিত ছিল। পুরনো হিট গানের নতুন উপস্থাপনা শুধু নস্টালজিয়াই ফিরিয়ে আনেনি, বরং আবার মনে করিয়ে দিল সলমন-সুস্মিতা জুটির ম্যাজিক আজও অটুট।

নতুন গান শেয়ার করলেন সলমন খান

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিকে ঘিরে বিতর্কের মাঝেই নতুন গান শেয়ার করলেন সলমন খান। সম্প্রতি ছবির নাম ও ‘মাতৃভূমি কি মা কি…’ মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছিল। তার মধ্যেই ছবির নতুন গান প্রকাশ করে ফের চর্চায় ভাইজান। দেশপ্রেম ও আবেগে ভরা এই গান ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ভিডিওতে সলমনের সঙ্গে দেখা গিয়েছে চিত্রাঙ্গদা সিংকেও। অনুরাগীদের মতে, এই গান ছবির আবেগকে আরও গভীর করেছে। মুক্তির আগেই ‘মাতৃভূমি’ নিয়ে উত্তেজনা বাড়ছে বলিউড মহলে। সলমনের অনুরাগীরাও নতুন গানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পূজা ভাট মুখ খুললেন বাবা মহেশ ভাট ও সোনি রাজদানের সম্পর্ক নিয়ে

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী পূজা ভাট মুখ খুললেন  তাঁর বাবা মহেশ ভাট ও সোনি রাজদানের সম্পর্ক নিয়ে। পূজা জানান, সোনি রাজদানকে বিয়ে করার আগে মহেশ ভাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কারণ তিনি কখনও তাঁর প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চাননি। পূজার কথায়, তাঁর বাবা সম্পর্ককে গুরুত্ব দিতেন এবং জীবনে কোনও মানুষের হাত সহজে ছাড়তেন না। তিনি আরও বলেন, সমাজের চোখে নিখুঁত সংসার দেখানোর চেয়ে নিজের অনুভূতির প্রতি সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই খোলামেলা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বলিউডে নতুন আলোচনা শুরু হয়েছে।