ফারহান আখতারের মেগা প্রজেক্ট ‘ডন ৩’ থেকে রণবীর সিং-এর আকস্মিক বিদায় এবং তার জেরে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE)-এর অসহযোগিতা নির্দেশিকা জারি করা নিয়ে বর্তমানে তোলপাড় বলিপাড়া। ফেডারেশনের এই 'ব্যান' সিদ্ধান্তকে কেন্দ্র করে নেটপাড়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে— একাংশ যেখানে একে স্বজনপোষণ ও পক্ষপাতিত্ব বলে দাগিয়ে দিচ্ছেন, অন্য অংশের মতে এই সিদ্ধান্ত এক্কেবারে ন্যায়সঙ্গত। তবে বলিউডের কোনও তারকার বিরুদ্ধে ফেডারেশনের এমন কড়া পদক্ষেপ নেওয়ার ঘটনা কিন্তু এটাই প্রথম নয়।

রণবীর সিংয়ের এই অলিখিত নিষেধাজ্ঞার আবহেই মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পাণ্ডে।  সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন যে, কেরিয়ারের শুরুর দিকে তিনিও ফেডারেশনের দ্বারা ‘ব্যান’ বা নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। একইসঙ্গে তিনি এক বিস্ফোরক সত্যি ফাঁস করেছেন। চাঙ্কির দাবি, ওঁর ওপর কোপ পড়লেও সে যুগের তারকা ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহাকে কিন্তু ছোঁয়াও হয়নি!

স্মৃতির পাতা উলটে চাঙ্কি পাণ্ডে জানান, ১৯৮৭ সালে ওঁর প্রথম ছবি ‘আগ হি আগ’ -এর শুটিং চলাকালীন গোটা বলিউড জুড়ে এক বড়সড় ধর্মঘট বা স্ট্রাইক ডেকেছিল ফেডারেশন। নিয়ম অনুযায়ী কোনও ছবির শুটিং চলার কথা ছিল না। চাঙ্কি বলেন, “ফেডারেশনের কড়া নির্দেশ সত্ত্বেও প্রযোজক পহলাজ নিহালানি আমাদের গোটা টিমকে নিয়ে প্রথমে ব্যাঙ্গালোর এবং পরে উটিতে শুটিং চালু রেখেছিলেন। যেহেতু পুরো ইন্ডাস্ট্রি ধর্মঘটে সাড়া দিয়েছিল আর আমরা শুটিং করছিলাম, তাই ছবিটির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমি তখন একেবারে নতুন মুখ, আমার প্রথম ছবি তখনও রিলিজ করেনি। ফলস্বরূপ, আমাকে প্রায় এক সপ্তাহের জন্য ব্যান করা হয়েছিল।”


বলিউডের ক্ষমতার সমীকরণ নিয়ে ক্ষোভ ও আফসোসের সুরে চাঙ্কি আরও যোগ করেন, “সবচেয়ে মজার বিষয় হলো, ওই ছবিতে ধর্মেন্দ্রজি এবং শত্রুঘ্ন সিনহা জি-ও অভিনয় করছিলেন এবং ওঁরাও শুটিংয়ে উপস্থিত ছিলেন। কিন্তু ওরা তখন এত বড় তারকা এবং একসঙ্গে ৩০-৪০টি ছবিতে কাজ করছেন যে ওদের ব্যান করা ফেডারেশনের পক্ষে কার্যত অসম্ভব ছিল! যেহেতু বড় তারকাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সম্ভব ছিল না, তাই ওনারা নবাগত হিসেবে আমার ওপর কোপ বসালেন। পরে অবশ্য আমি ক্ষমা চেয়ে নিই এবং এক সপ্তাহের মধ্যে ব্যান তুলে নেওয়া হয়। আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা বড্ড ছোট এবং ভঙ্গুর, আমার নিজেরই সেই অভিজ্ঞতা হয়েছে।”তবে বর্তমানে রণবীর সিংকে কেন্দ্র করে তৈরি হওয়া ‘ডন ৩’ বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি চাঙ্কি। ওঁর সাফ কথা, এই বিষয়ের খুঁটিনাটি বা ভেতরের খবর ওঁর “পুরোপুরি জানা নেই”।

ঠিক কী ঘটেছিল ‘ডন ৩’ নিয়ে?
দীর্ঘদিন ধরেই ‘ডন ৩’ ছবি থেকে রণবীরের সরে যাওয়া নিয়ে পরিচালক-প্রযোজক ফারহান আখতারের সঙ্গে  ওঁর ঠান্ডা লড়াই চলছিল। পরিস্থিতি চরমে পৌঁছালে ফারহান ফেডারেশনের (FWICE) দ্বারস্থ হন। ফলস্বরূপ, সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে ফেডারেশন স্পষ্ট জানিয়ে দেয় যে, তারা রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করছে এবং তাদের কোনো সদস্য ভবিষ্যতে রণবীরের সাথে কোনও প্রজেক্টে কাজ করবেন না।

 

ফেডারেশনের এই খাঁড়ার জবাবে অবশ্য শান্ত ও পরিণত প্রতিক্রিয়া এসেছে রণবীরের টিমের তরফ থেকে। অভিনেতার মুখপাত্র একটি অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছেন -“ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত সকলের প্রতি রণবীর সিংয়ের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। ডন ৩-কে কেন্দ্র করে সাম্প্রতিক সমস্ত টানাপোড়েনের মাঝেও তিনি সচেতনভাবে নীরবতা বজায় রেখেছেন। কারণ তিনি বিশ্বাস করেন পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সমীকরণ সবসময় মর্যাদা, পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো উচিত। বাইরে বহু জল্পনা চললেও রণবীর কখনোই জনসমক্ষে কাদা ছোঁড়াছুঁড়ি করতে চাননি। ওঁর সম্পূর্ণ ফোকাস এখন ওঁর কাজ এবং আগামী প্রজেক্টের দিকে।”