বিখ্যাত বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-এর এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গত কয়েকদিন ধরে হঠাৎ করেই তাঁর প্রোফাইল থেকে কিছু অস্বাভাবিক পোস্ট শেয়ার হতে শুরু করলে বিষয়টি অনুরাগীদের নজরে আসে। পরিস্থিতি বুঝতে পেরে অভিনেত্রী দ্রুত ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর অনুরাগীদের সতর্ক করেছেন।

চিত্রাঙ্গদা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "আমার এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। দয়া করে সেখান থেকে আসা কোনো বার্তা বা সাম্প্রতিক কোনও পোস্টে সাড়া দেবেন না। আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করছি এবং দ্রুত এটি পুনরুদ্ধারের কাজ চলছে।" 

মূলত তাঁর অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা সংক্রান্ত কিছু সন্দেহজনক লিঙ্ক শেয়ার করা হয়েছিল, যা দেখে নেটিজেনদের মনে সন্দেহ দানা বাঁধে।

সাইবার জালিয়াতির শিকার হওয়ার পর চিত্রাঙ্গদা সরাসরি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, আপাতত সেই অ্যাকাউন্ট থেকে যা কিছুই পোস্ট করা হোক না কেন, তা যেন সবাই এড়িয়ে চলেন। তিনি জানান, তাঁর টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে যাতে অ্যাকাউন্টটি সুরক্ষিত করা যায়।

বর্তমানে তারকাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক হওয়া একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন থেকে শুরু করে দক্ষিণী তারকাদেরও একই বিড়ম্বনায় পড়তে হয়েছিল। বিশেষ করে ‘ব্লু টিক’ থাকা অ্যাকাউন্টগুলো সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াচ্ছে।

প্রসঙ্গত, চিত্রাঙ্গদাকে আগামীতে দেখা যেতে চলেছে সলমন খানের বিপরীতে 'মাতৃভূমি' ছবিতে। এই ছবি ঘিরে আইনি জটিলতা চলছেই। সম্প্রতি, প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কড়া নিষেধাজ্ঞা এসেছে ছবিতে ব্যবহৃত 'চীন' শব্দটি ঘিরে। আগামী বছর ঈদে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।