ওটিটির বাজারে আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম।পরিচালক-প্রযোজক অরিন্দম ভট্টাচার্য ঘোষণা করেছেন তাঁর নতুন প্রিমিয়াম বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’।  এই প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে একটি নতুন সিরিজ। নাম, 'দুগগা'। পরিচালনায় সায়ন বন্দ্যোপাধ্যায়। 

সিরিজের গল্প এগোবে গ্রাম্য পরিবেশকে ঘিরে। গ্রামের কৃষকদের জমি, একটা আন্তর্জাতিক কোম্পানি লিজ-এ নিয়ে নেওয়ার চেষ্টা করে। পঞ্চায়েত প্রধান এবং তার দলবল এই কোম্পানিকে সাহায্য করে। কৃষকদের ঠকিয়ে তারা তাদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করে। পুরো প্রক্রিয়াটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় একটি মেয়ে। তার নাম, দুগ্গা। শুরু হয় এক অসম লড়াই। মেয়েটির প্রতিবাদ আর তার পরিণতি নিয়েই এগোবে সিরিজটির গল্প। 

প্রথমবার ওয়েব সিরিজ পরিচালনায় সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রীতমা দে ও সৌমেন চক্রবর্তী। এছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রজতাভ দত্তকেও। চলতি বছর পুজোর আগেই শুটিং শুরু হবে এই সিরিজের। 

প্রথম সিরিজ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে সায়ন বলেন, "আমি যে ধরনের গল্পে কাজ করি, এই সিরিজটাও তেমনই। সমাজের এমন কিছু সত্যিকে তুলে ধরতে চাই, যেটা চোখের সামনে থাকলেও সেভাবে কারওর নজর কাড়ে না। এই সিরিজের মুখ্য চরিত্রে শ্রীতমা। ওর সঙ্গে এটা আমার তিন নম্বর কাজ‌। দোআঁশ, নানা হে-র পর দুগগা। তবে সৌমেনের সঙ্গে পর্দায় প্রথম কাজ। অরিন্দমদা (অরিন্দম ভট্টাচার্য) তাঁর এই প্ল্যাটফর্মে এমন গল্পই আনবেন, যা পরিবারের সঙ্গে বসে দেখা যাবে। বর্তমানে থ্রিলার গল্পের যুগে এই সামাজিক গল্পটা দর্শকের কাছে ভিন্ন স্বাদের হবে।"

প্রসঙ্গত, ম্যাট্রিক্স ওয়ানের নেপথ্যে অরিন্দমের প্রযোজনা সংস্থা ড্রিমলাইনার এন্টারটেনমেন্ট। এই সংস্থার ব্যানারেই তৈরি হয়েছে ‘অন্তর্লীন’, ‘ফ্ল্যাট নং ৬০৯’, ‘অন্তর্ধান’, ‘শিবপুর’ এবং ‘দুর্গাপুর জংশন’-এর মতো জনপ্রিয় ছবি।

নতুন এই ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য থাকবে নানা ধরনের অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে অরিজিনাল ছবি, ওয়েব সিরিজ, ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, ট্রাভেল শো, রান্নাবিষয়ক অনুষ্ঠান, লাইফস্টাইল কনটেন্ট। অর্থাৎ, পরিবারের সব সদস্যের জন্য এক জায়গাতেই বিভিন্ন ধরনের বিনোদন ও তথ্যভিত্তিক অনুষ্ঠান দেখার সুযোগ।