পরপর হইচই-এ দুটি সিরিজ, দুটোই ভিন্ন ঘরানার। এরপর সোজা বলিউডে কাজ! কথা হচ্ছে অভিনেতা দেবদত্ত রাহার। হইচই-এর 'বিজয়া'র মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন দেবদত্ত। এরপর অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় সিরিজ 'তালমার রোমিও জুলিয়েট'-এ 'রাণা'র চরিত্রে মন কেড়েছিলেন তিনি। এরপর বলিউডের অ্যাকশন-কমেডি ঘরানার সিরিজে দেখা যেতে চলেছে তাঁকে। সঙ্গে রয়েছেন টলিপাড়ার এক নায়িকা।
সূত্রের খবর, একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে এই ভার্টিকাল সিরিজটি। পরিচালনায় সায়ন চক্রবর্তী। দেবদত্তর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়কে। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অক্ষয় কাপুর। এছাড়াও দেখা যেতে চলেছে আরও অনেক বলি তারকাকে।
জানা যাচ্ছে, অ্যাকশন-কমেডি ঘরানার এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি সিরিজের নাম। খবর, আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতেই মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। এটাই হতে চলেছে দেবদত্তর অভিনীত প্রথম বলিউড সিরিজ। বর্তমানে ভার্টিকাল সিরিজের রমরমা দর্শক মহলে। কম দৈর্ঘ্যের সিরিজ রিল ফরম্যাটে তৈরি হচ্ছে। যা বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
প্রসঙ্গত, অনুরাধাকে এই মুহুর্তে দর্শক দেখছেন জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো'তে। ধারাবাহিক এবং বড়পর্দা সমানভাবে সামলাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'ডিপ ফ্রিজ'। অর্জুন দত্ত পরিচালিত এই ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছে।
অন্যদিকে, দেবদত্তকে দেখা যেতে চলেছে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'হোক কলরব'-এ।যাদবপুরের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি। মুখ্য চরিত্রে একঝাঁক তরুণ তারকাকে পছন্দ করেছেন পরিচালক। দেখা যাবে রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্য, অভীকা মালাকার-সহ ছোট ও বড়পর্দার চেনামুখের পাশাপাশি নবাগতরাও। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাংসদ পার্থ ভৌমিক, শাশ্বত চট্টোপাধ্যায়কেও।
জানা যাচ্ছে, এই ছবিতে দেবদত্তর চরিত্রটি একেবারে অন্যরকম। রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর অভিনীত চরিত্রটি। এছাড়াও নাকি ছবি জুড়ে নেশাকেই সঙ্গী করে চলবেন তিনি! ইতিমধ্যেই শেষ সেই ছবির শুটিং-ও। তাই বলাই যায়, নতুন বছর নতুন অবতারে দর্শকের নজর কাড়তে চলেছেন দেবদত্ত।
