সংবাদ সংস্থা মুম্বই: সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না জনপ্রিয় পরিচালক-অভিনেতা ফারহান আখতার। তবে এবার বললেন। তাও আবার প্রকাশ্যে। জীবনের সেই কঠিন পর্ব নিয়ে ফারহান মুখ খুলেছেন যখন তাঁর বাবা জাভেদ আখতার দ্বিতীয় বিয়ে সারেন বলি-অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। জানালেন সেই সময় বাবার উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি। পাশাপাশি মনে হয়েছিল বাবা তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
সম্প্রতি একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কিংবদন্তি লেখক জুটি সেলিম-জাভেদের জীবন ও কর্মকাণ্ডের নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র 'অ্যাংরি ইয়ং মেন'। সেই তথ্যচিত্রেই বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে এই কথা বলেছেন ফারহান-" আমার বড় হয়ে ওঠার সেই পর্বটা জুড়ে মনটা খুব অস্থির হয়ে ছিল। নানারকম চিন্তাভাবনা কাজ করত...বাবার উপর সাংঘাতিক রেগে থাকতাম। মনে হতো বাবা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন"। আরও বলেন," অনেকটা সময় লেগে ছিল বাবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে। আর স্বীকার করতে বাধা নেই যে এই ব্যাপারে মস্ত সাহায্য করেছিলেন শাবানা"।
একই প্রসঙ্গে কথা বলতে শোনা গিয়েছে খোদ জাভেদ আখতারকেও। তাঁর প্রথম স্ত্রী হানি ইরানি সম্পর্কে তিনি বলেন, "পৃথিবীতে একমাত্র হানি সেই ব্যক্তি যাঁর কাছে নিজেকে অপরাধী মনে হয়।" তাঁদের বিয়ে ভাঙার পিছনে অধিকাংশ দোষ যে তাঁর ছিল সেকথাও কবুল করে নিয়েছেন 'শোলে' ছবির অন্যতম লেখক। বলে ওঠেন, "...যদি এখনকার আমির মতো সেই সময় আমি সহনশীল হতাম তাহলে হয়তো আমাদের বিয়েটা ভাঙত না..."
তথ্যচিত্রে দেখা গিয়েছে শাবানা আজমিকেও। ঠিক এই প্রসঙ্গে তাঁর বক্তব্য- "এই বিয়ের পর সেই সময় অনেকে আমার নামের সঙ্গে 'ঘর ভাঙানি'র তকমা জুড়ে দিয়েছিল। তবে আমি চুপ করে ছিলাম। কারণ মনে হয়েছিল যে হামিদের সঙ্গে আমার এই বিয়ে নিয়ে যদি সর্বসমক্ষে কোন কিছু বলতে যাই, তা আমার বিরুদ্ধেই যাবে। মানুষ আমার কথা শুনবেন না হয়তো বুঝবেনও না..." সামান্য থেমে শাবানা আরও বলেন, "তবে আলাদা করে আমি হানিকে বড় ধন্যবাদ জানাতে চাই যে কখনো সে তার সন্তানদের মনে আমার বিষয়ে কোনো খারাপ ভাবনা ঢুকতে প্রশ্রয় দেয়নি। কোনওদিনও আমার বিষয়ে কোনও খারাপ আলোচনা সে তাঁর সন্তানদের সামনে করেনি অথচ সে তা চাইলেই করতে পারত। ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যতটা মধুর ততটাই সুন্দর..."
















