বিউ সরকার

রাজনীতির ময়দানে তিনি দাপুটে নেতা। স্পষ্ট ভাষায় বিরোধী শিবিরকে আক্রমণ করতে তাঁর জুড়ি মেলা ভার৷ একাধিক বিতর্ক তাঁকে ঘিরে তবুও দিলীপ ঘোষ বিন্দাস। 
এবার খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ গাইলেন গান৷ রাজনীতির চাঁচাছোলা বক্তব্যের বাইরে গিয়ে হালকা মেজাজে গান গাইছেন দিলীপ ঘোষ৷  
 ঝালমুড়ি গানের রেকর্ডিং করতে দেখা গেল দিলীপ ঘোষকে৷ নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি খেয়েছিলেন। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৬ সালের ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ঝাড়গ্রামে একটি পথের ধারের দোকানে থেমে ঝালমুড়ি খেয়েছিলেন। ওই দিন তিনি ঝাড়গ্রামে জনসভা করার পর হঠাৎ একটি দোকানে গিয়ে ঝালমুড়ি কেনেন, দোকানির সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের সঙ্গেও কিছুক্ষণ সময় কাটান। পরে সেই ভিডিও তিনি নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলেও শেয়ার করেন। 


পরে কৃষ্ণনগরের এক নির্বাচনী সভায় এই প্রসঙ্গ টেনে মোদি বলেন, "আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।" এই মন্তব্যও বেশ আলোচনায় আসে। এরপর থেকেই রাজনীতিতে ঝালমুড়ি বেশ জনপ্রিয়৷ 

পশ্চিমবঙ্গে পালাবদলের পর ২০২৬ সালের জুন মাসে, নয়াদিল্লিতে এনডিএ-র একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝালমুড়ি পরিবেশন করেন। সেই সময় মোদিকে বলতে শোনা যায়, "ইয়ে ওয়ালা চাইয়ে", এরপর তিনি ঝালমুড়ি খান। সেই ভিডিও প্রকাশ্যে আসে এবং বেশ ভাইরাল হয়।

প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার পর থেকেই রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ঝালমুড়ি খাওয়ার প্রবণতা বেড়েছিল৷  এরপর বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে নেতাদের ঝালমুড়ি খেতে দেখা গেছে ।

 এবার ঝালমুড়ি নিয়ে দিলীপ ঘোষের কণ্ঠে গান শোনা যাবে। সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চিনার পার্কের কাছে একটি স্টুডিওতে যান রেকর্ডিং এর জন্য। সেখানেই ঝালমুড়ি নিয়ে তৈরি গানে গলা মেলালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জানা গিয়েছে, ঝালমুড়ি নিয়েই গান বেঁধেছেন শিল্পী লোকেশ গিরি এবং তার স্ত্রী শিল্পী রিমাশ্রী।

গানের কথায় বেশ মজা আছে৷ 'আম আচারে টক মিলবে অল্প দাও হে ভাই',  ট্রেনে ঝালমুড়ি খাওয়ার প্রচলন অনেকদিনের৷ 'চামচে নাড়ানাড়ি'র কথাও আছে গানে৷ জিভে জল আনে ঝালমুড়ি, তৈরি আপনার ঝালমুড়ি এই ধরনের পাঞ্চলাইনও আছে গানের কথায়৷ এই গান যে মুহূর্তে ভাইরাল হতে চলেছে তা বলা বাহুল্য৷ প্রথম বার গান গাইলেও বেশ আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ৷