টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং সাধারণত নিজের হাস্যকৌতুক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। কিন্তু সম্প্রতি 'লাফটার শেফস আনলিমিটেড এন্টারটেনমেন্ট'-এর সেটে এমন এক ঘটনা ঘটল, যা দেখে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে যান। সবসময় হাসিখুশি থাকা ভারতী এদিন স্টুডিওর মধ্যেই অঝোরে কাঁদতে শুরু করেন। কারণ আর কিছুই নয়, নিজের অত্যন্ত প্রিয় ও বহুমূল্য একটি হিরের আংটি হারিয়ে ফেলেন তিনি।

ঘটনাটি ঘটে শুটিং চলাকালীন বিরতির সময়। জানা গিছে, ভারতী তাঁর আঙুলে একটি দামী হিরের আংটি পরেছিলেন। শুটিংয়ের কাজ চলাকালীন কোনও এক সময় তিনি খেয়াল করেন যে তাঁর আঙুলে সেই আংটিটি নেই। প্রথমে তিনি ভাবেন হয়তো আশেপাশে কোথাও পড়ে গিয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও যখন সেটি পাওয়া যায়নি, তখন তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। আংটিটির আর্থিক মূল্য যেমন ছিল প্রচুর, তেমনই তার সঙ্গে ভারতীর আবেগও জড়িয়ে ছিল। ভারতী কাঁদতে কাঁদতে জানান, এরকম সোনা কিংবা হিরের জিনিস হারানো মোটেও শুভ লক্ষণ নয়।


আংটিটি খুঁজে না পেয়ে স্টুডিওর মধ্যেই উদ্বেগে অস্থির হয়ে ওঠেন ভারতী। উপস্থিত সহকর্মীরা জানান, তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তাঁর চোখ দিয়ে জল পড়তে শুরু করে। কমেডি কুইনের এই অবস্থা দেখে শুটিং ক্রু এবং সেটে উপস্থিত অন্যান্য তারকারাও কাজ বন্ধ করে দিয়ে আংটিটি খুঁজতে নামেন। অর্জুন বিজলানি, আলি গোনি থেকে শুরু করে সেটের মেকআপ আর্টিস্ট ও স্পটবয়—সকলেই হন্যে হয়ে মেঝেতে আংটিটি খুঁজতে থাকেন।

বেশ কিছুক্ষণ ব্যাপক খোঁজাখুঁজির পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভারতী। জানা যায়, আংটিটি একটি কোণায় পড়ে ছিল। রাজুদাদা নামে একজন কর্মী প্রথম সেটা খুঁজে পেয়ে ভারতীর হাতে দেয়। সেটি ফিরে পাওয়ার পর ভারতীর মুখে হাসি ফেরে এবং তিনি সকলকে ধন্যবাদ জানান। তবে এই সাময়িক উত্তেজনার কারণে বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ রাখতে হয়েছিল বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ভারতীর বড়ছেলে গোলার ভাই-এর নাম কাজু। ছোটছেলে জন্মের পর বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে আবারও টেলিভিশনের জগতে ফিরেছেন।