'দাদামণি' শেষ হওয়ার খবর এসেছিল ক'দিন আগেই। জানা গিয়েছিল, আর কিছুদিনের মধ্যেই নাকি শেষ দিনের শুটিংও হয়ে যাবে এই ধারাবাহিকের। এবার জি বাংলার আরও এক ধারাবাহিক শেষের খবর এল। জানা যাচ্ছে, শেষের মুখে জেন-জি লাভ স্টোরি 'বেশ করেছি প্রেম করেছি'। ইতিমধ্যেই নাকি এই মেগার শেষদিনের শুটিং হয়ে গিয়েছে। আর শেষ সম্প্রচারও হবে খুব তাড়াতাড়িই। 

 

'বেশ করেছি প্রেম করেছি' এতদিন সন্ধে ছটায় সম্প্রচারিত হত। কিন্তু এখন থেকে শুভ ও শাওনের গল্প অর্থাৎ 'সাত পাকে বাঁধা' দেখা যাবে সন্ধে ছটায়।‌ আগামী ১৩ এপ্রিল থেকে নতুন সময়ে সম্প্রচারিত হবে 'সাত পাকে বাঁধা'। এদিকে, এই ধারাবাহিকের পুরনো স্লটে আসছে 'চিরদিনই তুমি যে আমার'। অন্যদিকে, আর্য-অপুকে যে সময়ে দেখতেন দর্শক অর্থাৎ সাড়ে ছটায়, সেই সময় দেখা যাবে নতুন ধারাবাহিক 'কমলা নিবাস'কে। ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ফলে বেশ মন খারাপ জুঁই-স্বয়মের অনুরাগীদের। 

 

শেষদিনের সম্প্রচারে দেখা যাবে জুঁইয়ের বিয়ে হচ্ছে। কিন্তু উষ্ণীষ না স্বয়ম বর হিসেবে শেষমেশ কাকে বেছে নেবে জুঁই? সেটাই দেখার পালা। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজের ব্যানারে সম্প্রচারিত হত এই ধারাবাহিক। খুব অল্পদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এই মেগা। সাধারণত ব্লুজের ধারাবাহিক অনেকদিন চলে। কিন্তু এবার জেন-জির প্রেমের গল্প তেমনভাবে মন ছুঁতে পারেনি দর্শকের। 

এই ধারাবাহিকের গল্প এগিয়েছিল দুই স্কুল পড়ুয়া স্বয়ম ও জুঁইকে কেন্দ্র করে! লাজুক স্বভাবের স্বয়ম এক সাধারন পরিবারের ছেলে। মা ছোটবেলাতেই ছেড়ে চলে যাওয়ার পর বাবার স্বপ্নকে বুকে নিয়েই বেড়ে উঠেছে সে। স্বয়মের পৃথিবী তার গান। অন্যদিকে, জুঁই বড় হয়ে উঠেছে প্রভাবশালী পরিবারে। তাই স্বভাবতই সে একটু অহংকারী।স্বয়মের সরলতা ভেঙে দেয় জুঁই-এর মনের সব অহংকার! স্বয়মের প্রেমে পড়ে জুঁই। কিন্তু এক ভয়াবহ র‍্যাগিংয়ের শিকার হয়ে স্বয়ম হয়ে ওঠে এক অন্য মানুষ। শ্রেণীভেদ ,পারিবারিক বিরোধ আর অতীতের লুকানো সত্যির মাঝেই পরিণতি পাবে স্বয়ম জুঁইয়ের ভালবাসা! শুরু থেকেই টিআরপিতে তেমন ফল করতে পারেনি এই ধারাবাহিক। তাই হয়তো নতুন মেগা আসার চাপ শেষ হচ্ছে জুঁই-স্বয়মের গল্প।