ফের দুর্ঘটনা শুটিং ফ্লোরে! পড়ে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ল টলিপাড়ার নায়ক শুভ্রজিৎ সাহার। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'তে। সেই ধারাবাহিকের ফ্লোরেই ঘটে এই অঘটন। ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, শুটিংয়ের ব্রেকের সময় সিঁড়ি দিয়ে উপরের মেকআপ রুমের দিকে যাচ্ছিলেন শুভ্রজিৎ। আর তখনই পা পিছলে পড়ে যান। পায়ে ভয়ঙ্কর চোট লাগে। 

আজকাল ডট ইন-কে শুভ্রজিৎ বলেন, "সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ঘড়ির বেল্টটা ঠিক করছিলাম। আর বেখেয়ালে পিছলে যায় পা। পুরো দুটো সিঁড়ি স্লিপ করে পড়ে যাই। পায়ে বিভৎস চোট লাগে। সঙ্গে সঙ্গে পা ফুলে যায়। তখন এত বাড়াবাড়ি হয়েছে, বুঝিনি। প্রোডাকশন থেকেই আমায় ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিং করে ছেড়ে দেয়। ফিরে এসে শুটিংও করি। তারপর ব্যাথা আরও বাড়তে থাকে। তখন প্রিয়াঙ্কা (প্রিয়াঙ্কা মিত্র)কে কল করি। ও আসলে আবার হাসপাতালে যাই। এক্সরে হয়, তখন দেখা যায় ডান পায়ের লিগামেন্ট ৬০ শতাংশ ছিঁড়ে গিয়েছে। আসলে পড়ে যাওয়ার সময় শরীরের পুরো ভারটাই পায়ের গোড়ালির উপর পড়েছিল তো।"

শুভ্রজিৎ আরও বলেন, "ধারাবাহিকে কাজ করছি যেহেতু, তাই হুট করে তো অফ করতে পারব না। ডাক্তার তো বলেছেন চার-পাঁচদিন পুরো বেডরেস্ট। না হলে ঠিক হতে নাকি আরও বেশি সময় লাগবে। আমি সেটা করতে পারব না। তাই ঠিক করেছি একদিন ছাড়া ছাড়া শুটিং করব। একটা বিষয় ভাল হল যে, গল্পেও আমার চরিত্র রাহুলের পায়ে চোট লেগেছে। বাস্তবেও তাই হল বলে হুইলচেয়ারেই বসে শুটিং করব। নয়তো আমার জন্য চিত্রনাট্যে আবার বদল আনতে হত।"

শুভ্রজিতের কথায়, "এই ধারাবাহিকের প্রোমো শুটিংয়েও মাথায় চোট নিয়ে মাঝ সমুদ্রে শুটিং করেছি। এখন সবে টিআরপিতে স্লট লিড করল, আমার পায়ে চোট! কী যে হচ্ছে জানি না। তবে প্রিয়াঙ্কা যেভাবে ছোটাছুটি করছে ও না থাকলে কী যে হত! হাসপাতাল থেকে বাড়ি, আমার টেক কেয়ার করা সবটাই ওর উপরে। প্রোডাকশন থেকেও জানিয়েছে শুটিংয়ে সব রকম সাহায্য করবে। এবার দেখা যাক কী হয়।"

প্রসঙ্গত, 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে শুভ্রজিৎ জুটি বেঁধেছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের সঙ্গে। এই প্রথমবার তাঁদের জুটিকে পর্দায় দেখছেন দর্শক। গল্পের নিত্য নতুন মোড়ে দর্শকের বেশ পছন্দের তালিকায় রয়েছে এই মেগা।