বিয়ের বছর ঘোরার আগেই আলাদা হচ্ছেন বাদশা এবং ইশা রিখি! সম্প্রতি গায়ক পত্নী এমন একটি পোস্ট করেছেন যা দেখে সন্দেহ দানা বেঁধেছে অনুরাগীদের মনে। ঠিক কী ঘটেছে? 

চলতি বছরের মার্চ মাসে গোপনে বিয়ে করেন ইশা রিখি এবং বাদশা। কোনও শোরগোল, রাজকীয় আয়োজন নয়, কেবল নিকট আত্মীয়দের উপস্থিতির চার হাত এক হয়েছে তাঁদের। ইশার মা তাঁদের বিয়ের বেশ কিছু ছবি, ভিডিও সেই সময় প্রকাশ্যে আনেন, আর সেটা থেকেই জানা যায় এই ভারতীয় র‍্যাপার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তার এতগুলো মাস পরে ইশা সম্প্রতি তাঁদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছেন। কোনও ছবিটি তাঁদের মালা বদল করতে দেখা যাচ্ছে, কোথাও আবার স্ত্রীকে চুমু খেতে দেখা যাচ্ছে বাদশাকে। কিন্তু এই সুন্দর মুহূর্তের ছবিগুলো ছাড়াও ইশা এমন একটা জিনিস পোস্ট করেছেন যা দেখে ভ্রু কুঞ্চিত হয়েছে নেটপাড়ার। 

বিয়ের সুন্দর মুহূর্তগুলোর কোলাজ ভিডিওর ক্যাপশনে ইশা লেখেন, 'প্রতিটি ঝড় একটা শিক্ষা। প্রতিটি প্রার্থনা একটা আশা।' আর তাঁর এই ইঙ্গিতবহ পোস্ট দেখেই অনেকে মনে করছেন হয়তো তাঁদের বিবাহিত জীবনে সব ঠিক নেই। কিছু সমস্যা হয়েছে। অনেকেই আবার মনে করছেন হয়তো তাঁদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ৪-৫ মাসের মধ্যেই বিয়ে ভাঙতে চলেছে বাদশার। যদিও এখনও তাঁদের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সবটাই জল্পনার পর্যায় রয়েছে। 

প্রসঙ্গত, বাদশার এটাই প্রথম বিয়ে নয়। অতীতে তিনি জ্যাসমিন মসিহকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন। তাঁদের একটি কন্যা সন্তানও আছে, জেসেমি গ্রেস মসিহ সিংহ। কিন্তু বিয়ের ৮ বছর পর, ২০২০ সালে তাঁরা খাতায় কলমে আলাদা হন। বিবাহ বিচ্ছেদের ৬ বছর পর ইশা রিখির সঙ্গে নতুন শুরু করেন বাদশা। কিন্তু সেই বিয়েতেও কি ফাটল ধরল? উত্তর আগামীতে পাওয়া যাবে।