অভিনেতা, অভিনেত্রীরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, বা প্রার্থীদের হয়ে প্রচার করছেন, কিংবা নিজেই নির্বাচনে প্রার্থী হচ্ছেন এই বিষয়টি টলিউড বলুন বা বলিউড বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, কোথাও নতুন নয়। চলতি বছরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর তার আগে জল্পনার অন্ত নেই। টলিউডের অন্দরে ফিসফাস চলছে, শোনা যাচ্ছে ইমন চক্রবর্তী থেকে একাধিক তারকার নাম যাঁরা তৃণমূল কংগ্রেসের এই বারের সম্ভাব্য প্রার্থী। যদিও সবই জল্পনা। এবার আচমকাই রটে গেল বাদশা মৈত্র নাকি সিপিআইএমের প্রার্থী হচ্ছেন এই বিধানসভা নির্বাচনে। তারপরই কী প্রতিক্রিয়া অভিনেতার? 

বাদশা মৈত্র যে বামপন্থী সে কথা সকলেরই জানা। তিনি আগে একাধিকবার বিভিন্ন বাম প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছেন। এবার সেই তিনিই প্রার্থী হচ্ছেন? প্রতীক উর রহমানের তৃণমূলে যোগ দেওয়ার পর নানা ফিসফাস শোনা যাচ্ছে। এবার সেই চর্চায় যুক্ত হল, পার্টি নাকি বাদশাকে টিকিট দিয়েছে। আর জল্পনা ছড়াতেই সেটাকে পত্রপাঠ খারিজ করলেন অভিনেতা। 

সমাজমাধ্যমে একটি পোস্ট করে বাদশা জানিয়ে দিয়েছেন তিনি মোটেই সিপিআইএমের প্রার্থী হচ্ছেন না। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। অভিনেতার কথায়, 'সকাল বেলায় আমার এক বন্ধু হঠাৎ করে ফোন করে জানতে চাইল আমি সিঙ্গুর থেকে দাঁড়াচ্ছে কিনা, আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, তারপর আরও এক বন্ধু কোনও একটা নিউজ পোর্টালের স্ক্রিনশট পাঠাতে বুঝতে পারলাম, কেউ বা কারা নিজেদের উৎসাহে এরকম একটা খবর বাজারে ছড়িয়েছে। খুব স্পষ্ট করে বলছি এই জাতীয় গুজব আমার কাছে অত্যন্ত বিরক্তিকর লাগে।' 

বাদশা এদিন আরও লেখেন, 'বন্ধু, শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকের কাছে অনুরোধ। দয়া করে আমার নামে এই জাতীয় গুজব ছড়াবেন না। আর যারা এই খবরটা করেছেন তাদের বলছি আপনাদের ওই লিস্ট থেকে আমার নামটা এক্ষুনি তুলে দিন। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আশা করব আগামী দিনে আমার সম্পর্কে এই জাতীয় কোন খবর লেখার আগে, আমার সাথে কথা বলে সত্যিটা স্পষ্ট করে জেনে নেবেন।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)