রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু-রহস্যে এবার ঘি ঢাললেন পরিচালক অয়ন চক্রবর্তী। অভিনেতার বিরুদ্ধে ওঠা ‘অতি-উৎসাহী’ হয়ে ড্রোন শট দেওয়ার তত্ত্বকে নস্যাৎ করে দিয়ে অয়ন যা লিখলেন, তাতে কার্যত টলিপাড়ার এক প্রভাবশালী মহলের মুখ পুড়েছে। গৌরব চক্রবর্তীর পর অয়নের এই বিস্ফোরক বয়ান এখন ‘জাস্টিস ফর রাহুল’ আন্দোলনে নতুন অক্সিজেন জোগাচ্ছে।


অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির সমুদ্রে ডুবে মৃত্যু স্রেফ একটি দুর্ঘটনা নাকি চূড়ান্ত অবহেলা— সেই তর্কে এবার সরাসরি বোমা ফাটালেন পরিচালক অয়ন চক্রবর্তী। গত ২৯শে মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে রাহুলের মর্মান্তিক পরিণতির পর থেকেই প্রযোজনা সংস্থার একাংশ দাবি করছিল যে, রাহুল নিজেই নাকি ‘পারফেকশন’-এর খাতিরে ড্রোন শট দিতে ঝুঁকি নিয়েছিলেন। এই তত্ত্বকেই এবার সপাটে উড়িয়ে দিলেন অয়ন।


ফেসবুকে এক দীর্ঘ পোস্টে অয়ন স্পষ্ট জানান, রাহুল ছিলেন আগাগোড়া একজন ‘ডিরেক্টর্স অ্যাক্টর’। তিনি চিত্রনাট্য বুঝতেন এবং পরিচালকের নির্দেশ মেনে চলতেন। অয়নের কথায়, “তিনি নিজে ড্রোন শট দিতে চাইবেন বা ঝুঁকি নিয়ে জলে নামবেন— আমার অভিজ্ঞতায় রাহুল অরুণোদয় ওরকম নন। তিনি স্ক্রিপ্ট ও স্ক্রিপ্টের চাহিদা বোঝা একজন পোড়খাওয়া অভিনেতা। তাঁর অনুপস্থিতির সুযোগে অবহেলার দায়ভার তাঁর ওপর চাপিয়ে দেওয়ার এই চেষ্টার আমি তীব্র বিরোধিতা করছি।”


অয়ন চক্রবর্তীর দাবি, রাহুল বেঁচে থাকলে আজ যদি তাঁর কোনও সহকর্মীর ওপর এভাবে দোষারোপ করা হতো, তবে তিনি নিজেই ‘তুলকালাম’ করে দিতেন। এখন রাহুলের হয়ে সেই লড়াইটাই লড়ছে গোটা টালিগঞ্জ। তাঁর কথায়, “নিরন্তর ভালোবাসা রাহুল অরুণোদয়।  আমরা আছি।” চিত্রনাট্যের বাইরে গিয়ে কেন সেই ড্রোন শট নেওয়া হল? কেন সুরক্ষা ছিল না? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন শিল্পীরা।

 

 


এর আগে অভিনেতা গৌরব চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় নিজের ‘রাহুলদা’র জন্য বিচার চেয়েছেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “এতো ধোঁয়াশা, এতো মিথ্যে, এতো গা ঢাকা দেওয়ার চেষ্টা আর ভাল লাগছে না।” সহকর্মীদের এই একের পর এক বয়ান প্রমাণ করে দিচ্ছে যে, রাহুলের মৃত্যুকে নিছক ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা সহজভাবে নিচ্ছে না শিল্পী মহল।


ইতিমধ্যেই টলিপাড়ার আকাশে বিদ্রোহের সুর স্পষ্ট। আগামী শনিবার, ৪ঠা এপ্রিল বিকেল ৪টেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানে শামিল হতে পারেন স্টুডিও পাড়ার কয়েকশো টেকনিশিয়ান ও অভিনেতা।

 

 

 

&t=1s