আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।

বাগদান সারলেন অবিনাশ ও ঈশা

'বিগ বস ১৮'-এর জনপ্রিয় জুটি অবিনাশ মিশ্র এবং ঈশা সিং তাঁদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ১১ এপ্রিল, শনিবার ২০২৬ এই তারকা জুটি তাঁদের বাগদানের কথা ঘোষণা করেছেন। রিয়্যালিটি শো চলাকালীন তাঁদের মধ্যকার ঘনিষ্ঠতা নিয়ে দর্শকের মনে অনেক আগে থেকেই কৌতূহল ছিল, যা অবশেষে বাস্তবে রূপ নিল। পর্দার ভিতরে গড়ে ওঠা তাঁদের এই সম্পর্ক নিয়ে ঈশা সিং আগে একবার জানিয়েছিলেন যে, শো শেষ হওয়ার পর অবিনাশের সঙ্গে তাঁর বন্ধুত্ব আরও গভীর ও মজবুত হয়েছে। অথচ এর আগে ২০২৫ সালের শেষের দিকে যখন তাঁদের প্রেম ও বিয়ের গুঞ্জন উঠেছিল, তখন তাঁরা বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। অবশেষে সব লুকোচুরি আর জল্পনা সত্যি করে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে পথচলা শুরু হল তাঁদের। 

উজ্জয়িনীতে ছুটলেন 'ইয়ালিনা'

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর জয়জয়কার। রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তরুণী অভিনেত্রী সারা অর্জুন। আর এই আকাশছোঁয়া সাফল্যের আবহেই আধ্যাত্মিক টানে সুদূর মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ছুটে গেলেন পর্দার ‘ইয়ালিনা’। শনিবার ভোরে মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে অংশ নিতে দেখা গেল তাঁকে। সাদা-মাটা বেগুনি রঙের শাড়িতে সেজেছিলেন সারা। কপালে তিলক আর স্নিগ্ধ চেহারায় তাঁকে মন্দিরের আচার-অনুষ্ঠানে মগ্ন থাকতে দেখা যায়। ভস্ম আরতি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। সেই ভিডিও এখন ঘুরছে নেট পাড়ায়।

সময়-রণবীরের সোশ্যাল-যুদ্ধ

বিনোদন দুনিয়ায় এখন সবথেকে আলোচিত বিষয় হল কমেডিয়ান সময় রায়না ও রণবীর এলাহাবাদিয়ার মধ্যকার স্নায়ুযুদ্ধ। সম্প্রতি সময় রায়নার নতুন স্ট্যান্ড-আপ স্পেশাল ‘স্টিল অ্যালাইভ’ নিয়ে চর্চা চলছে। সেখানে রণবীরকে নিয়ে করা সময়ের কিছু তীক্ষ্ণ এবং বিদ্রূপাত্মক মন্তব্য ঘিরেই এখন সরগরম নেটপাড়া। তবে রণবীরও দমে যাওয়ার পাত্র নন। বেশ বুদ্ধিদীপ্ত উপায়ে তিনি সময়ের এই ‘আক্রমণের’ পালটা দিয়েছেন। ঘটনার সূত্রপাত হয় সময়ের শো-তে, যেখানে তিনি রণবীরের পডকাস্ট করার ধরন নিয়ে তীব্র ঠাট্টা করেন। সময় রসিকতা করে বলেন, রণবীর এমনভাবে প্রশ্ন করেন যেন তিনি নিজেই ভিনগ্রহের প্রাণী। এই রোস্টিং ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, “কে এই সময় রায়না?” তবে এটি ছিল নেহাতই একটি মজার ছলে করা মন্তব্য। রণবীর বুঝিয়ে দেন যে, তিনি এই বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন না।