রবিবার (১২ এপ্রিল) প্রয়াত হন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার আথিয়া শেট্টি৷ অভিনেত্রী ভুলবশত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লতা মঙ্গেশকরের একটি ছবি শেয়ার করে শোকজ্ঞাপন করে ফেলেন, এর জেরে  ব্যাপক সমালোচনার মুখে পড়েন আথিয়া।

 লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন। তার চার বছর পর আশা ভোঁসলে মারা গেলেন৷ এই ভুল চোখে পড়তেই সমাজমাধ্যমে আথিয়াকে কটাক্ষ করা হয়৷  যদিও আথিয়া দ্রুত পোস্টটি মুছে ফেলে নতুন একটি পোস্ট দেন, ততক্ষণে ভুল ছবির স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। 

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, "আথিয়া শেঠি হলেন বুদ্ধিহীন রূপের প্রতিমূর্তি। তিনি প্রয়াত আশা ভোঁসলের ছবির পরিবর্তে প্রয়াত লতা মঙ্গেশকরের ছবি দিয়ে একটি স্টোরি পোস্ট করেছেন। নেপোকিডরা কোনও পরিশ্রম ছাড়াই যে কোনও ভাবে প্রাসঙ্গিক হতে চায় এবং একারণেই তাদের সিনেমা ফ্লপ হয় আর তারা এমন ভুল করে।"

আরেকজন ব্যবহারকারী আথিয়ার মনোযোগের অভাবের সমালোচনা করে লিখেছেন, "গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ কতটা অসতর্ক হতে পারে তা দেখে সত্যিই দুঃখ হয়। আশা ভোঁসলের মৃত্যুতে আথিয়া শেট্টি  লতা মঙ্গেশকরের ছবি শেয়ার করেছেন। এটা ছোট ভুল নয়, এটি মনোযোগের অভাবকেই প্রকাশ করে। বিশেষ করে এমন মুহূর্তে, পোস্ট করার আগে অন্তত একবার যাচাই করে নেওয়া উচিত। আপনার প্রাথমিক জ্ঞান যদি শূন্যই হয়, তবে শুধু একটি সাধারণ শোকবার্তা পোস্ট করুন।"

তৃতীয় একটি মন্তব্যে লেখা ছিল, "আশা ভোঁসলের মৃত্যুর খবরে  সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ভুল করে লতা মঙ্গেশকরের ছবি পোস্ট করেছেন। সত্যিই লজ্জাজনক।"


৯২ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তী শিল্পী৷ ডাক্তার প্রতীক সামদানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এটি একটি দুঃখের সংবাদ যে আশা ভোঁসলে আজ মারা গেছেন। তিনি একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং মাল্টি-অর্গান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে..."
সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হবে।