প্রয়াত আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী৷ তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শিল্পী থেকে অনুরাগী সকলের মনে৷ 

আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ললিত পণ্ডিতের সঙ্গে। যতীন ললিত খ্যাত জুটির অন্যতম সদস্য ললিত পণ্ডিত৷ 

সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে ললিতজি বলেন,  এমন একজন শিল্পীর প্রয়াণ, কী বলব বুঝতে পারছি না। এত আশীর্বাদ পেয়েছি ওঁর কাছে৷ আমাদের সঙ্গে কাজ করেছেন, ওঁর সঙ্গীত জীবনের শেষের দিকে৷ 

শাহরুখ কাজল অভিনীত বিখ্যাত সিনেমা 'দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে গান গেয়েছিলেন আশা ভোঁসলে৷ ১৯৯৫ সালে গাওয়া 'জারা সা ঝুম লুমে' তিন দশক পেরিয়েও প্রবীণ থেকে নবীন প্রজন্মের মুখে মুখে ঘোরে৷ ললিতজি স্মৃতিচারণায় ডিডি এলজের কথা বলেন৷ 

খুব ছোটবেলা থেকেই আশা ভোঁসলের সঙ্গে পরিচয় ললিত পন্ডিতের৷ একসঙ্গে গানও গেয়েছেন। জিতেন্দ্র জয়া বচ্চন অভিনীত পরিচয় সিনেমায় ' সা রে কে সা রে' গানে আশা ভোঁসলের সঙ্গে গলা মিলিয়েছিলেন আশা৷ 

আশা ভোঁসলের আশীর্বাদ পাওয়া ললিতজির কাছে বিশেষ প্রাপ্তি বলেও উল্লেখ করেন। শরীর অসুস্থ থাকাকালীন ললিতজি ফোন করেন আশা ভোঁসলেকে৷ 

অসুস্থ শরীরেও বহুক্ষণ কথা হয়েছিল দু'জনের। ললিতজি আশা ভোঁসলের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তিনি বলেন, সুস্থ হয়েই কথা বলবেন। কিন্তু সেই সুস্থ হওয়া আর হল না। 

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গতকাল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় শিল্পীকে৷ এক্স হ্যান্ডলে নাতনি জনাই ভোঁসলে লেখেন, " আমার ঠাকুরমা খুবই ক্লান্ত, ফুসফুসে সংক্রমণ হয়েছে৷ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ সকলের কাছে অনুরোধ, দয়া করে আমাদের একা ছেড়ে দিন। আমাদের গোপনীয়তাকে সম্মান দিন৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশা ভোঁসলের আরোগ্য কামনা করেছিলেন৷

রবিবার সকালে আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে জানান, কিংবদন্তী শিল্পী পরলোকগমন করেছেন৷ আগামীকাল সকাল ১১ টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন সকলে৷ আগামীকাল বিকাল ৪ টেয় শেষকৃত্য সম্পন্ন হবে৷