জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার গল্প বলতে আসছে 'উৎসবের রাত্রি'। ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে-তে মুক্তি পাবে এই সিরিজ। পরিচালনায় অরিন্দম শীল। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাবুল সুপ্রিয় ও অরুনিমা ঘোষ। সিরিজে অরুণিমা অভিনয় করছেন একজন একা মায়ের চরিত্রে। মেয়েকে নিয়েই জীবনযাপন তার। অরুণিমার মেয়ের চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী নিকিকেতা ঘোরুই।
গল্প অনুযায়ী, অরুণিমার চরিত্রটি মেয়েকে নিয়েই জীবন কাটায়। মা থাকলেও বাবাকে মিস করে ছোট্ট মেয়েটি। কিন্তু মেয়েকে তার বাবার খোঁজ দিতে পারে না সে। এর মধ্যেই তার জীবনে আসে এক বন্ধু। যাকে সে ভরসা করতে পারে। এই চরিত্রে রয়েছেন বাবুল সুপ্রিয়। আর ছোট্ট মেয়েটি বাবুল সুপ্রিয়র চরিত্রটির খুব কাছের হয়ে ওঠে। তাকেই সে বাবার জায়গাটা দেয়। এভাবেই এগোয় গল্প। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সিরিজের শুটিং হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে মুক্তি পেয়েছে ছবির গান 'এখনো যে রাত'। সপ্তক সানাই দাসের সঙ্গীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয় ও পূর্বাশা ব্যানার্জি।
খুব তাড়াতাড়িই ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। বহুদিন পর দর্শক জুটিতে দেখতে চলেছেন বাবুল সুপ্রিয় ও অরুণিমাকে। একেবারে অন্যরকম এক প্রেমের গল্পে ধরা দিতে চলেছেন তাঁরা।
প্রসঙ্গত, নিকিকেতাকেও দর্শক দেখেছেন বহু ধারাবাহিকে শিশুশিল্পীর চরিত্রে। অরুণিমা ও বাবুল সুপ্রিয়র সঙ্গে তার প্রথম কাজ এটা। অরিন্দম শীলের পরিচালনায় একেবারে ভিন্ন স্বাদের এই গল্প যে দর্শকের মন ছোঁবে তা বলাই যায়।















